মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেটের ঘটনা এটিই প্রথম। এমন দারুণ কিছু অর্জন হবে ভাবনায় ছিল না জান্নাতুলের, কিন্তু বল হাতে নিয়েই বিশেষ কিছু অর্জনের আশা ছিল ফাহিমার।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান থাইল্যান্ড অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়ে টিম টাইগ্রেস। জবাবে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের আগুনে বোলিংয়ে ২৮.৫ ওভারে কেবল ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। দুই টাইগ্রেসই ৫টি করে উইকেট শিকার ধরেছেন। দুজনেরই ক্যারিয়ারসেরা বোলিং।
ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ছেলে-মেয়ে মিলিয়েই বিরল কীর্তি গড়েছেন ফাহিমা-জান্নাতুল। ছেলেদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেটের ঘটনা কেবল একটি। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ও গ্যারি কোজিয়ের।
ফাহিমা-জান্নাতুল হাত ধরে প্রায় ৪৮ বছর পর আবার এমনকিছুর দেখা পেল ওয়ানডে ক্রিকেট। ম্যাচ শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ফাহিমা বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্। অবশ্যই ভালো লাগার অনেক বড় একটা বিষয়। বিগত সময়ে অনেকবার আমার এই সুযোগটা এসেছিল, ৫ উইকেট নেয়ার। এবারই প্রথম নিতে পারলাম। বিগত সময়ে ৪টা উইকেট পেয়েছি। এখন ৫ উইকেট নিতে পেরে অনেক ভালো লাগছে।’
‘আমি যেই প্রান্ত থেকে বোলিং করছিলাম, প্রথম বলটা ধরেই আমার মনে হচ্ছিল, আজকে আমার দিন হতেও পারে। উইকেট নেয়ার সুযোগটা আমার অনেকবেশি ছিল। সেদিক থেকে বলব, আলহামদুলিল্লাহ্।’
ফাহিমার মতো আগেভাগে তেমন কিছুর আভাস পাননি অফ স্পিনার জান্নাতুল। বলেছেন, ‘এটা আমার প্রথম ৫ উইকেট। আমার জন্য অনেক বিশেষ একটা ব্যাপার। সারাজীবন মনে রাখার মতো স্মৃতি। আমি একটু দেরিতেই বোলিংয়ে আসি। তখন চিন্তা ছিল না যে ৫ উইকেট পাবো। শুধু প্রক্রিয়াটা অনুসরণের চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ্ ফল এসেছে।’
‘সত্যি বলতে, কখনও এভাবে ৫ উইকেট বা কোনো লক্ষ্য নিয়ে খেলতে চাই না। এই ম্যাচেও কোনো চাওয়া ছিল না। চেষ্টা করছিলাম, কোচ যেভাবে বলেছেন উইকেট টু উইকেট বল করতে। সেটাই চেষ্টা করছিলাম। সফল হয়েছি।’
দুর্দান্ত দিনে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ফাহিমা। ৫ ওভারে কেবল ৭ রানে শিকার করেছেন ৫ উইকেট। লেগ স্পিনারের আগের সেরা বোলিং ছিল ৩৮ রান ৩ উইকেট। অন্যদিকে বাংলাদেশের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথমবার বল হাতে নিয়েই আগুন ঝরান জান্নাতুল। ৮.৫ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
মেয়েদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেয়ার প্রথম কীর্তি এটি। প্রায় সাত বছর পর ওয়ানডে খেলতে নেমে কেবল ৭ রানে ৫ উইকেট নেন জান্নাতুল। এ দুজনের আগে ওয়ানডেতে বাংলদেশের হয়ে ৫ উইকেট নিতে পেরেছিলেন শুধু খাদিজাতুল কুবরা ও নাহিদা আক্তার।










