শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি হেরে দ্বিতীয় ম্যাচে আট উইকেটের বড় জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন সিরিজ জয়। প্রথম ম্যাচ হারের পর টাইগারদের এমন সিরিজ জয়ের রেকর্ড মাত্র একবার হলেও সেই লক্ষ্য নিয়েই লঙ্কানদের বিপক্ষে নামছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিজেদের করে নিতে মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। পরিসংখ্যান যদিও বাংলাদেশের বিপক্ষে কথা বলছে। ছোট সংস্করণে লঙ্কানদের ১০ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় রয়েছে ৫টিতে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে পাত্তা পায়নি লঙ্কান ব্যাটাররা, করেছিল ১৬৫ রান। পরে ব্যাটে নেমে স্বাগতিক ব্যাটারদের পারফর্মও ছিল দুর্দান্ত। লিটন-সৌম্যর উড়ন্ত শুরুর পর শান্ত-হৃদয়ের সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছিল টিম টাইগার্স।
প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকির আলি অনিক। ফিফটি করে রিয়াদ ফেরার পর লঙ্কান বোলারদের উপর তাণ্ডব চালান জাকির আলি অনিক। লড়াই করেও অবশ্য দলকে জেতাতে পারেননি লোয়ার মিডলঅর্ডার ব্যাটার। বাংলাদেশ হারে মাত্র ৩ রানে।
দু’দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, আভিস্কা ফের্নান্দো, ভানিডু হাসারাঙ্গা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকসানা, বিনুরা ফের্নান্দো ও মাথিশা পাথিরানা।








