ক্রিকেট

লক্ষ্য যা ছিল, জানালেন শান্ত

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকদের মাঝে উত্তেজনা ছড়াচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে হারের ব্যাখ্যায় নাজমুল হোসেন শান্ত শোনালেন পুরনো বাণী। টপঅর্ডার ব্যাটাররা দায়িত্ব নিলে দলীয় সংগ্রহটা ২৫০-২৬০ হতে পারতো বলে মনে করেন বাঁহাতি ব্যাটার। দলের প্রাথমিক লক্ষ্যটাও ছিল এমন।

বৃহস্পতিবার দিবারাত্রির ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে শান্তর ৮৯ রানের ইনিংসের পর ১৬৪ রানে টাইগাররা গুটিয়ে যায়। জবাবে সাদিরা সামারাবিক্রমের ৫৪ এবং চারিথ আসালাঙ্কার অপরাজিত ৬২ রান হতাশ হতে দেয়নি শ্রীলঙ্কান সমর্থকদের। ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ম্যাচে লড়াই করার মতো পুঁজি না পাওয়া নিয়ে ২৫ বর্ষী শান্ত বললেন, ‘আমরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারলে ফলটা এমন নাও হতে পারতো। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ২৫০-২৬০ রান করা।’

‘নতুন বলে ব্যাটিং করাটা বেশ সহজ ছিল, কিন্তু বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে তা কঠিন হতে থাকে। এই উইকেটে রান তোলা খুব বেশি সহজ ছিল না, কিন্তু টপঅর্ডারে একটা ভালো জুটি হতে পারতো। আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিৎ ছিল। সেটি আমরা করতে পারিনি। পরের ম্যাচে এই ভুলগুলো করতে চাই না।’

শ্রীলঙ্কার পাল্লেকেলে ছেড়ে শুক্রবার পাকিস্তানের বিমান ধরছে বাংলাদেশ। লাহোরে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানকে হারাতেই হবে ‘সুপার ফোর’ রাউন্ডে খেলার আশা টিকিয়ে থাকতে। সাকিব আল হাসানের দলের তারপরও থাকবে শঙ্কা, যদি আফগানরা শ্রীলঙ্কাকে হারিয়ে বসে পরে তাহলে রানরেট চিন্তার কারণ হয়ে দাঁড়াবে টিম টাইগার্সের।

বিষয়:এশিয়া কাপ পাল্লেকেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা শান্ত সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…