মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলতি সেপাক টাকরো বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ছিল দূরপ্রাচ্যের ইরান। বাংলাদেশের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছে দেশটি।
মঙ্গলবার সেমিতে প্রথম ডিভিশনের তিন সেটের রেগু ইভেন্টে টানা দুই সেট হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম সেটে ইরান ও বাংলাদেশের পয়েন্ট ছিল ১৫-৬। পরের সেটে ১৫-৭ ব্যবধানে সরাসরি জিতে ফাইনালে ওঠে ইরান।
সেপাক টাকরো খেলার নিয়ম অনেকটা ভলিবলের মতো। পার্থক্যের জায়গাটা হল, ভলিবলে হাত দিয়ে বল প্রতিপক্ষের কোর্টে ঠেলে পয়েন্ট আদায় করতে হয়। সেপাক টাকরোতে হাতের ব্যবহার হয় না। বল পা দিয়ে কিক ও হেডে প্রতিপক্ষের কোর্টে ফেলতে হয়।
সোমবার সেমিতে পৌঁছার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেটে ১৭-১৪ পয়েন্টে জয় তুলেছিল লাল-সবুজের দল। দ্বিতীয় সেটে লঙ্কানদের খুব বেশি পাত্তা দেননি, ১৫-১০ ব্যবধানে জয়ের আনন্দে মাতে।
রেগু ইভেন্টের প্রথম খেলায় চাইনিজ তাইপের কাছে ২-০ সেটে হেরে (১৫-৭ ও ১৫-৫ পয়েন্ট) বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে গ্রুপের বাকি ম্যাচগুলোতে জয় তুলে নেয় দলটি।
দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ সেটে (১০-১৫, ১৫-১০ ও ১৫-৩ পয়েন্ট) জয় পায় বাংলাদেশ। পরে পাকিস্তানকে ২-০ সেটে (১৫-১২ ও ১৫-৮ পয়েন্ট) হারিয়ে দেয়।







