ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই উদ্দেশ্যে জামাল ভূঁইয়া-তারিক কাজীরা নিরপেক্ষ ভেন্যু কাতারে অবস্থান করছে। ম্যাচের বাকি আরও দুদিন। তার আগে বাংলাদেশ দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ডিফেন্ডার রহমত মিয়া। জানিয়েছেন, কাতার থেকে ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে চায় দল।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। পরদিন শনিবার সকাল সাড়ে ১১ টার পর জিম ও রিকভারি সেশন সম্পন্ন হয়।
রিকভারি সেশন শেষে সাক্ষাৎকারে রহমত বলেন, ‘আমাদের ভ্রমণ ভালো হয়েছে। সবাই সুস্থভাবে কাতারে পৌঁছেছি। বিকেলের অনুশীলনের জন্য প্রস্তুতি নিতে সকালে হালকা জিম ও রিকোভারি সেশন করেছি। এখানে একটু গরম আছে। এজন্য আমরা আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। খুব শীঘ্রই আমরা এখানে মানিয়ে নিয়ে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারবো।’
ম্যাচের ফলাফল নিয়ে তার আশাবাদ, ‘স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে দলের ভালো একটা পারফরম্যান্স ছিল। আমাদের জন্য এটা অতিরিক্ত মোটিভেশন যে, অস্ট্রেলিয়ার সাথে একটা ভালো ম্যাচ খেলে লেবাননের বিপক্ষে খেলতে এসেছি। লেবানন অস্ট্রেলিয়ার চেয়ে তুলনামূলক কম শক্তিশালী দল। ক্যাঙ্গারুদের বিপক্ষে যে শক্তিশালী খেলাটা খেলেছিলাম, ওইটা লেবাননের বিপক্ষে প্রয়োগ করতে পারলে আশা করছি দল ভালো করবে। ভালো একটি ফলাফল নিয়ে আমরা দেশে ফিরতে পারবো।’
আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লাল-সবুজের দল লেবাননের মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা গড়াবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।








