দ্বিতীয়বারের মত দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের হাতছানি পাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের নায়ক হাসান মাহমুদ। পাকিস্তানের ৫ ব্যাটারকে ফিরিয়েছেন। আরেক পেসার নাহিদ রানাও নিয়েছেন ৪ উইকেট। এমন সাফল্যের পেছনে দলের সকলের সমর্থনকে মুল কারণ হিসেবে দেখছেন হাসান। সে কারণে প্রশংসাও করলেন সকলের।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের ভেতরের পরিবেশ নিয়ে কথা বলেছেন টাইগার পেসার। তার মতে সকল খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সর্মথন পাওয়াটাই সফলতার মূল চাবিকাঠি।
‘যখন দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার থাকবে, তখন তারা নিজেদের চিন্তা, ভাবনা ও অভিজ্ঞতা সব সময় আপনার সঙ্গে শেয়ার করতে থাকবে। মাঠে হোক কিংবা মাঠের বাইরে। এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন নতুন ক্রিকেটারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ব্যাপারে এটাই বেশি গুরুত্বপূর্ণ। সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সমর্থন পাওয়াটাই গুরুত্বপূর্ণ।’







