কক্সবাজার

মানবপাচারকারীদের পাহাড়ের আস্তানায় আবারও অভিযান, মেলেনি মরদেহ

মানবপাচারকারীদের পাহাড়ের আস্তানায় আবারও অভিযান, মেলেনি মরদেহ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানায় আবারও সাঁড়াশি অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। তবে অভিযানে এখন পর্যন্ত কোনো মরদেহ কিংবা জিম্মি করে রাখা ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। আস্তানা থেকে রান্নাবান্নার কাজে ব্যবহৃত কিছু আসবাবপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গিখালী পাহাড়ি এলাকায় এ অভিযান শুরু হয়। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের দেড় শতাধিক সদস্য অংশ নেন।

অভিযান আপাতত সমাপ্ত করা হলেও পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে তা অব্যাহত রাখা হবে বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে একই দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযানে মানবপাচারকারীদের বন্দিশালা থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

ওই অভিযানের সময় পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এতে পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

এদিকে শুক্রবার টেকনাফ মডেল থানার প্রাঙ্গণে উদ্ধার হওয়া ৫৭ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং ৫১ জন বাংলাদেশি নাগরিক।

এরই মধ্যে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে ওই পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার খবর প্রকাশিত হয়। সেই খবরের ভিত্তিতেই শনিবার সকালে নতুন করে অভিযান শুরু করে যৌথবাহিনী। তবে দীর্ঘ অভিযানেও মরদেহগুলোর সন্ধান মেলেনি।

বিষয়:টেকনাফ মানবপাচার চক্র যৌথ অভিযান সাঁড়াশি অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…