চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে আসন্ন মেয়েদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম টাইগ্রেস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৫, ২৭ ও ২৯ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিসিবির দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সব খেলাই হবে দিবা-রাত্রির। যদিও ম্যাচ শুরুর সময় জানানো হয়নি।
সম্প্রতি এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক জেতে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তান। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট খুইয়ে জয় তুলে নেয় লাল-সবুজের দল।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানী।








