প্রথমদিনে খেলা শেষে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট ফেলে চালকের আসনে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন ভেসে যায় বৃষ্টিতে। চার সেশন শেষে আবারও ব্যাটে নামে কিউইবাহিনী। বাংলাদেশ শুরুতে চেপে ধরার চেষ্টা করে। কিন্তু ডানহাতি ব্যাটার গ্লেন ফিলিপসের ঝড়ে লিড তুলেছে টিম সাউদির দল। চার বোলারের ভাগাভাগিতে লিড অল্পতে আটকে রাখার স্বস্তি মিলেছে বাংলাদেশের।
শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে মাঠে নামেন দুই ডানহাতি ব্যাটার ড্যারিল মিচেল এবং ফিলিপস। পরে স্বাগতিক বোলারদের উপর ঝড় তোলেন ফিলিপস। তার সাথে যোগ দেয়ার চেষ্টা করে মিচেল আউট হন নাঈম হাসানের বলে। লংঅনে দুর্দান্ত এক ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।
পরে মিচেল স্যান্টনারকে দ্রুত ফেরান নাঈম। বাংলাদেশের লিডের সম্ভাবনা জাগে। সে আশার গুঁড়েবালি ঢেলে ফিফটি তুলে নেন ফিলিপস। পেসার শরিফুল ইসলাম বলে এসে তুলে নেন কাইল জেমিসনকে। ৩৩.৩ ওভারে শরিফুলকে বাউন্ডারি মেরে স্কোর সমান করে নিউজিল্যান্ড।
শেষপর্যন্ত ফিলিপসকে আউট করেন শরিফুল। ডানহাতি ব্যাটার ৮৭ রানে শরিফুলের শিকার হন। তার ইনিংসে ৯টি চার এবং ৪টি ছক্কার মার। শেষঅবধি ৮ রানের লিড পায় নিউজিল্যান্ড। ১৮০ রানে শেষ হয় তাদের ইনিংস।
তৃতীয় দিনে কিউইদের বাকি ৫ উইকেট তুলে নিয়েছেন তাইজুল, শরিফুল এবং নাঈম হাসান মিলে। প্রথম দুই আঘাত হানেন নাঈম, পরে তাইজুল এবং শরিফুল। ১৫ রানে ২টি উইকেট নেন শরিফুল। ২১ রানে দুটি নিয়েছেন নাঈম। প্রথমদিনের ২টির সাথে শুক্রবার এক উইকেট নিয়েছেন তাইজুল, ৬৪ রানে। প্রথমদিন ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ, দিয়েছেন ৫৩ রান।








