আসছে ২০ থেকে ২৮ মার্চ ফিফা উইন্ডোতে ব্রুনাই ও সিশেলসের বিপক্ষে সিলেটে ট্রাইনেশন কাপ খেলবে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট সামনে রেখে দলের কোচিংস্টাফে যুক্ত হচ্ছেন আরও তিন বিদেশি। সহকারী কোচের দায়িত্বে থাকবেন উয়েফা প্রো লাইসেন্সপ্রাপ্ত বার্সেলোনা একাডেমির সাবেক কোচ ডেভিড গোমেজ।
জামাল ভূঁইয়াদের দলের গোলরক্ষক কোচ হিসেবে মিগুয়েল অ্যাঞ্জেল ইগ্লেসিয়াস আনিদো ও ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান জোগেশ্বর সেন্তিল কুমার।
বাফুফের তথ্য অনুযায়ী, ২০১৭-২০১৯ সাল পর্যন্ত বার্সেলোনার যুক্তরাষ্ট্রের একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা থাকা গোমেস স্পেনের সি. ডি. বেলুসোতে ছিলেন। গোলরক্ষক কোচ আনিদো সবশেষ মালয়েশিয়ার জোহর দারুল তা’জিম এফসির হয়ে কাজ করেছেন।








