শ্রীলঙ্কা মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের। সুযোগ কাজে লাগাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল, ব্যাটিংয়ে ছিল বিবর্ণ। সফরকারী মেয়েরা ম্যাচ জিতে নিয়েছে ৪ উইকেটে। ১-১ সমতায় সিরিজ। ২৫ এপ্রিল সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনাল।
বুধবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে টিম টাইগ্রেস। জবাবে নেমে ৩৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কানরা।
জয়ের লক্ষ্যে ব্যাটে নামা লঙ্কানদের সর্বোচ্চ ৫০ রান করেছেন হার্ষিতা সামারাবিক্রমা। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ করেছেন হান্সিমা করুণারত্নে। ওপেনার-অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাটে এসেছে ৪০ রান।
বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রিতু মনি ও সুলতানা খানম।
এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন জ্যোতি। ১০০ বলে, চার বাউন্ডারির সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে ওপেনার শারমিন সুলতানা থেকে। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ব্যাট করে বাংলাদেশকে জয় এনে দেয়ার অন্যতম কারিগর শারমিন সুপ্তা এদিন রান পাননি। শেষদিকে রিতু মনি ১৭, নাহিদা আক্তার ২০ ও রাবেয়া খান ১৫ রান করলে দেড়শ পার করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মালকি মাদারা, নিমাশা মিপেজ ও ইনোকা রানাবীরা। একটি উইকেট নিয়েছেন কাবিশা দিলহারি।








