২০১৬ বিশ্বকাপের পর টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের ধর্মশালায় দুই দলের সবশেষ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ৭ বছর পর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ফের বাংলাদেশের সামনে আয়ারল্যান্ড।
বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টুয়েন্টি শুরু সোমবার দুপুর ২টায়। পরের দুটি ম্যাচও একই ভেন্যুতে।
টি-টুয়েন্টি সংস্করণে দল দুটির প্রথম দেখা হয় ২০০৯ বিশ্বকাপে। ইংল্যান্ডের নটিংহ্যামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৬ উইকেটে।
এরপর ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে যায় বাংলাদেশ। প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ (৩-) করে টিম টাইগার্স।
নতুন সিরিজটিতে বাংলাদেশ দলে চমক লেগ স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভূক্তি। প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও বিসিবির পাইপলাইনে অনেক দিন ধরেই রয়েছেন এই তরুণ। এখন দেখার এই সিরিজে অভিষেক হয় কিনা রিশাদের।








