মিরপুরে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড বাড়িয়ে নিচ্ছেন মি. ডিপেন্ডেবল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৭ রান। সফরকারীদের চেয়ে ৪৩ রানে এগিয়ে টিম টাইগার্স। মুশফিক ১৩৫ বলে ১২ চার ও এক ছক্কায় ১০২ ও লিটন ৩ চারে ২৭ বলে ২৫ রানে ক্রিজে আছেন।
মুশফিক সেঞ্চুরি পেলেও কাছে যেয়ে সুযোগ হাতছাড়া করেছেন সাকিব আল হাসান। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে নাগালের বাইরের অফস্পিনে সুইপ খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৯৪ বলে ১৪ চারে ৮৭ রানে থামেন বাঁহাতি অলরাউন্ডার।
লাল বলে সাকিব সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালে, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। ২৯ ইনিংস পর তার ব্যাট খুঁজে নিচ্ছিল সেঞ্চুরি। পূর্ণতা পেল না। ৯৪ বলে ১৪ চারে ৮৭ রানে থামলেন।
ম্যাচের প্রথমদিন আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ২ উইকেটে ৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল আউট হওয়ার পর শেষ হয় প্রথমদিনের খেলা। দ্বিতীয় দিনের সকালে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হন মুমিনুল হক। তিনি ৩৪ বলে ১৭ রান করেন ৪টি চারের সাহায্যে।
৪০ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখান সাকিব-মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ১৫৯ রান। দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম সেশনে ২৭ ওভারে ১৩৬ রান তুলে নেয় টাইগাররা। ওভার প্রতি রান তোলার গড় পাঁচেরও বেশি।










