গতমাসে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ানোর পর আলোচনায় আসে দুদল ক্রিকেটে মুখোমুখি হবে কিনা। আশঙ্কার মেঘ কাটতে শুরু করেছে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুদল মাঠের লড়াইয়ে নামবে, তবে সেই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও পাকিস্তানের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়।
ভারতের মাটিতে হতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দেশটিতে গিয়ে অংশ নেবে না- এমন বার্তা আগেই দিয়ে রেখেছিল। আইসিসি দাবি পূরণ করেছে। বিশ্বকাপের মূল আয়োজক ভারতের সঙ্গে থাকছে শ্রীলঙ্কাও। আসরের ম্যাচগুলো হবে ৫ ভেন্যুতে, এরমধ্যে ৪ ভেন্যু ভারতের। অন্যটি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আট দল অংশগ্রহণে রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে হবে ২৮টি লিগ ম্যাচ। পর্দা নামবে ২ নভেম্বর। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা।
বিশ্বকাপের যথা নিয়মেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৫ অক্টোবর বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচের আগে কলম্বোতে ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। তাদের বাকি ম্যাচ ১৫ অক্টোবর ইংল্যান্ড, ১৮ অক্টোবর নিউজিল্যান্ড, ২১ অক্টোবর সাউথ আফ্রিকার এবং ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। নকআউট পর্বে উঠলে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতেই।
এবারের আসরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত সরাসরি খেলার সুযোগ পেয়েছে। বাকি দুই জায়গা পূরণ হয়েছে বাছাইপর্বের মাধ্যমে। পাকিস্তান ও বাংলাদেশ, যারা চলতি বছরের শুরুতে লাহোরে বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে আসে।







