আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে ভারতের বিপক্ষে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। টসে জিতে আগে বল করতে নামা বাংলাদেশের উপর চড়াও হতে পারেননি রোহিত শর্মা-যশ্বী জয়সওয়াল। অধিনায়ক রোহিতকে ফিরিয়ে টাইগারদের প্রথম সাফল্য দিয়েছেন হাসান মাহমুদ।
চতুর্থ ওভারে আম্পায়ারের সিদ্ধান্তের কারণে লেগ বিফোর আউট থেকে বেঁচে রোহিত পরের ওভারে স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান মাহমুদের বলে। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছে ভারত। ১২ বলে ৭ রানে বাঁহাতি জয়সওয়াল এবং ৫ বলে ০ রানে শুভমন গিল অপরাজিত আছেন।
এর আগে, চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়েছেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে একাদশে রাখা হয়েছে তিন পেসার।
ভারতের বিপক্ষে খেলা ১৩ টেস্টের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। ১১ হারের বিপরীতে মাত্র দুটি ড্র রয়েছে টিম টাইগার্সের। রাওয়ালপিন্ডির মতো চেন্নাইয়ে বাংলাদেশ নতুন ইতিহাস লিখতে চায়।








