বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের সব খবর।
______________________________________________________________
০১-১০-২০২৪ (কানপুর টেস্ট শেষে: ফল- ভারত ৭ উইকেটে জয়ী। সিরিজ: ভারত ২-০তে জয়ী)
_____________________________________________________________
০৯.০২
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে চারে এসেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই ম্যাচে হেরে একেবারে সাতে নেমে গেছে টিম টাইগার্স। অন্যদিকে বাংলাদেশকে সিরিজে হারিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে ভারত।
০৭.৩০
সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চেয়েছেন দেশের মাটিতে, অক্টোবরে গড়াতে চলা সাউথ আফ্রিকা সিরিজে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় টাইগার অলরাউন্ডারের ইচ্ছে পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য ভিন্ন আশাই করছেন, তার আশা প্রোটিয়াদের বিপক্ষে খেলবেন সাকিব।
০৬.০১
বাংলাদেশের কিংবদন্তিকে ক্রিকেটারকে ‘ট্রিবিউট’ জানালেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি।
০৪.৫৫
ভারত এসময় খেলার ফলাফল কী হবে সেটা নিয়ে চিন্তিত ছিল, একই সাথে পরিকল্পনা করছিল বাংলাদেশের বিপক্ষে ঠিক কী করা যায়।
০৪.২০
প্রথম টেস্ট হারের পর ব্যাটিং ব্যর্থতার কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। কানপুরে দ্বিতীয় টেস্টে বাজেভাবে হারের পর সেই একই কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
২.৩০
ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় টেস্টকে টি-টুয়েন্টি বানিয়ে খেলে পরিকল্পনায় সফল রোহিত শর্মার দল।
২.২৮
সংক্ষিপ্ত স্কোর
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ভারত ২-০তে জয়ী।
বাংলাদেশ প্রথম ইনিংস-২৩৩/১০ (৭৪.২)
মুমিনুল হক-১০৭*, নাজমুল হোসেন শান্ত-৩১
জাসপ্রিত বুমরাহ-৩/৫০, আকাশ দীপ-২/৪৩
ভারত প্রথম ইনিংস-২৮৫/৯ (ডিক্লেয়ার) (৫২ রানের লিড)
যশ্বী জয়সওয়াল-৭২, লোকেশ রাহুল ৬৯
মেহেদী হাসান মিরাজ-৪/৪১, সাকিব আল হাসান-৪/৭৮
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস-১৪৬/১০ (৪৭)
সাদমান ইসলাম-৫০, মুশফিকুর রহিম-৩৭
জাসপ্রিত বুমরাহ-৩/১৭, রবীন্দ্র জাদেজা-৩/৩৪
ভারত দ্বিতীয় ইনিংস-৯৮/২ (১৭.২) (লক্ষ্য ৯৫ রান)
যশ্বী জয়সওয়াল-৫১, বিরাট কোহলি-২৯
মেহেদী হাসান মিরাজ-২/৪৪, তাইজুল ইসলাম-১/৩৬
২.২২
জয়সওয়ালকে ফেরালেন তাইজুল
জিততে রান করতে হবে ৯৫, ভারতের হাতে সময় পুরো দুই সেশন। তারা প্রথম ইনিংসের মতো টি-টুয়েন্টি ঢংয়েই শুরু করেছিল। সবশেষ ৫০ করে ফিরে গেছেন যশ্বী জয়সওয়াল, তাইজুল ইসলামের বলে ক্যাচ নিয়েছেন সাকিব আল হাসান
২.০৭
রিভিউ নিয়ে বাঁচলেন কোহলি
কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়ে এ যাত্রায় পার পেয়েছেন ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। আম্পায়ার রিচার্ড কেটেলবোরো আউট দিলেও বল অফস্টাম্পের বাইরে থাকায় ফিরে যেতে হননি কোহলিকে।
১.৫০
গিলকেও ফেরালেন মিরাজ
রোহিত শর্মার পর ক্রিজে এসেছিলেন শুভমন গিল। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন, ফিরেছেন ৬ রানে।
১.৩৮
রোহিতকে ফেরত পাঠালেন মিরাজ
বাংলাদেশকে স্পিন দিয়ে কূপোকাত করেছে ভারত। সেই স্পিন দিয়েই ভারতের প্রথম উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। রোহিত শর্মা ফিরে গেছেন ৮ রানে।
১২.৫২
আরেকটি ব্যাটিং ব্যর্থতায় প্রতিপক্ষের সামনে জয়ের সহজ রাস্তা তৈরি হল।
১২.৪৯
মধ্যাহ্ন বিরতি
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস অলআউট, ১৪৬ লিড ৯৪
সাদমান ৫০, মুশফিক ৩৭
বুমরাহ ৩/১৭, জাদেজা ৩/৩৪
১১.৫৮
৮ উইকেট নেই, লিড ৬৬ রানের
শান্ত, সাদমান, লিটন, সাকিবের পথ ধরে সাজঘরে মেহেদী হাসান মিরাজও। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে বসেছে কেবল ৬৬ রানের লিডে পৌঁছাতেই। মুশফিকুর রহিম ১৫ রানে ক্রিজে শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে। সঙ্গী তাইজুল ইসলাম
১১.৪২
৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, লিটন দাসের পর টপাটপ উইকেট হারানোর মিছিলে যোগ দিলেন সাকিব আল হাসান। সাদমানকে আকাশ দীপ ফেরানোর পর জাদেজা ঝড়ে সাজঘরে বাকি তিন টাইগার তারকা। ৯১ রানের সময় আউট হন শান্ত, আর ৯২ থেকে ৯৪- এই ৩ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
১১.৪০
সাকিবের ‘০’
টপাটপ উইকেট হারানোর সময়ে রানের খাতা না খুলে ফিরে গেলেন সাকিব আল হাসান। জাদেজাকে ফিরতি ক্যাচ দিয়েছেন ২ বল খেলতে পারা টাইগার তারকা।
১১.৩৫
সেই বিপদ বড় হয়েছে ক্রমেই।
১১.৩২
কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক দুই সংস্করণকে বিদায় বলে দিয়েছেন সাকিব আল হাসান। ইচ্ছা প্রকাশ করেছেন অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাবেন।
১১.২৩
৪৪ রান হলে তিন সংস্করণে তামিমের সমপরিমাণ রান হবে এবং ৪৫ হলে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক হবেন উইকেটকিপার-ব্যাটার।
১০.৪২
বাংলাদেশের লিড
মুমিনুলকে হারানোর পর ব্যাটে নেমেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুর হোসেন শান্ত। তাকে নিয়ে সাদমান ইসলামের রক্ষণাত্মক-আগ্রাসী দুই মনোভাবে লিড পেয়েছে বাংলাদেশ।
১০.৪০
প্রথম ইনিংসের অপরাজিত সেঞ্চুরিয়ান ফিরলেন ২ রান করে। কানপুর টেস্টের পঞ্চম দিনের শুরুতেই উইকেট হারানোয় বিপদ বাড়ল বাংলাদেশের।
১০.১৪
মুমিনুলের বিদায়
সকালে দুই ওভারে দুই বাউন্ডারি মেরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তবে তৃতীয় ওভারে সুইপ করতে গিয়ে ঠিকঠাক বল ব্যাটে আসেনি, রবীচন্দ্রন অশ্বিনের বলে লেগ স্লিপে আউট হয়েছেন মুমিনুল।
৯.৪৫
রোদ ঝলমলে আবহাওয়া
কানপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের আবহাওয়া বেশ ভালো। সকাল থেকে ঝলমলে সূর্যের দেখা পেয়েছে গ্রিনপার্ক স্টেডিয়াম। পুরো দিনের খেলা হবে এবং বাংলাদেশের দৃঢ়ভাবে ব্যাটিং করতে পারলে পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করার সমূহ সম্ভাবনা রয়েছে।
_________________________________________________
৩০-০৯-২০২৪ (কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে)
_________________________________________________
৬.১৪
প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরির দিনে পড়ন্ত বিকেলে ফ্ল্যাড লাইটের আলোয় দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামতে হল মুমিনুল হককে।
৬.০৪
চতুর্থ দিন শেষে ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ইনিংস-২৩৩/১০ (৭৪.২)
মুমিনুল হক-১০৭*, নাজমুল হোসেন শান্ত-৩১
জাসপ্রিত বুমরাহ-৩/৫০, আকাশ দীপ-২/৪৩
ভারত প্রথম ইনিংস-২৮৫/৯ (ডিক্লেয়ার) (৫২ রানের লিড)
যশ্বী জয়সওয়াল-৭২, লোকেশ রাহুল ৬৯
মেহেদী হাসান মিরাজ-৪/৪১, সাকিব আল হাসান-৪/৭৮
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস-২৬/২ (২৬ রানে পিছিয়ে)
সাদমান ইসলাম ৭*, মুমিনুল হক ৪*
রবীচন্দ্রন অশ্বিন ২/১৪
৬.০২
১৮ উইকেটের দিন
কানপুরে চতুর্থ দিনে সবমিলিয়ে উইকেট পড়েছে ১৮টি। যার মধ্যে বাংলাদেশের প্রথম ইনিংসের ৭ উইকেট, ভারতের প্রথম ইনিংসের ৯ উইকেট এবং শেষ বিকেলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পড়েছে ২ উইকেট। সারাদিনে মোট রান এসেছে ৪৩৭।
৫.৪২
আউট হলেন, রিভিউও নষ্ট করে গেলেন জাকির
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে দেখেশুনে ব্যাট করছিলেন বাংলাদেশের দুই ওপেনার। অষ্টম ওভারে এসে অশ্বিনের ফাঁদে পড়েছেন জাকির হাসান। ওভারের প্রথম বলে লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। ঝটপট রিভিউ নেন টাইগার ওপেনার। লাভ হয়নি, উল্টো রিভিউটি নষ্ট করে গেছেন। ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
৫.২২
ভারতের প্রথম রিভিউ ব্যর্থ
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে সাদমান ইসলামকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলার চেষ্টা করেন রবীচন্দ্রন অশ্বিন। আম্পায়ার আবেদনে সাড়া দেননি, ভারত রিভিউ নিলে নষ্ট হয় সেটি।
৫.১২
দুজনের জুটিতে ৮ উইকেটের পর ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত।
৫.০৯
৫২ রানে এগিয়ে ভারতের ইনিংস ঘোষণা
ভারত প্রথম ইনিংস-২৮৫/৯ (ডিক্লেয়ার)
যশ্বী জয়সওয়াল-৭২, লোকেশ রাহুল ৬৯
মেহেদী হাসান মিরাজ-৪/৪১, সাকিব আল হাসান-৪/৭৮
বাংলাদেশ প্রথম ইনিংস-২৩৩/১০ (৭৪.২)
মুমিনুল হক-১০৭*, নাজমুল হোসেন শান্ত-৩১
জাসপ্রিত বুমরাহ-৩/৫০, আকাশ দীপ-২/৪৩
৫.০৩
মিরাজের জোড়া শিকার, রাহুল-আকাশকে ফেরালেন
বাংলাদেশের জন্য আতঙ্ক হয়ে উঠছিলেন লোকেশ রাহুল। ফিফটি পূর্ণ করেছেন। ৬৮ রানে তাকে ফেরালেন মিরাজ। ৩৫তম ওভারে টাইগার তারকার আউটসাইড অফে করা ডেলিভারি এগিয়ে এসে খেলতে চান। মিস করে বসেন। বল ধরে স্টাম্প ভাঙতে দেরি করেননি উইকেটরক্ষক লিটন দাস। পরের বলে আকাশ দীপকে খালেদের ক্যাচ বানান মিরাজ। ২৮৫ রানে নবম উইকেট হারায় ভারত।
৪.৫৭
সাকিবের ৪, বোল্ড করলেন অশ্বিনকে
নিজের ১১তম ওভারে এসে চতুর্থ শিকারের দেখা পেলেন সাকিব। রবীচন্দ্রন অশ্বিনকে বোল্ড করেছেন টাইগার অলরাউন্ডার। ২৭২ রানে সপ্তম উইকেট হারায় ভারত। আগে গিল, পান্ট ও কোহলিকে ফিরিয়েছেন সাকিব।
৪.৫৪
মিরাজের দ্বিতীয়, এবার ফেরালেন জাদেজাকে
ভারতের ষষ্ঠ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩৩তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে ফিরিয়েছেন। তার শর্টলেন্থের ডেলিভারিতে কাভারে থাকা শান্ত’র হাতে ক্যাচ জমে। ১৩ বলে ৮ রান করে যান। আগে রোহিত শর্মাকে বোল্ড করেছেন মিরাজ। ইনিংসে তার দ্বিতীয় উইকেট এটি।
৪.৩৮
সাকিবের তিন, কোহলিকে বোল্ড করে দিলেন
ফিফটির পথে ছুটছিলেন বিরাট কোহলি। ৩০তম ওভারের প্রথম বলে সাকিব আল হাসানের ডেলিভারিতে পরাস্ত হলেন। ৩৫ বলে ৪৭ রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন। বাংলাদেশকে টানা তৃতীয় শিকার এনে দিয়েছেন সাকিব। কোহলির আগে গিল ও পান্টকে ফেরান টাইগার মহাতারকা।
৪.০৮
সাকিব এসে চিত্র কিছুটা পাল্টে দিয়েছেন। তার জোড়া উল্লাসের পথে শিকার শুভমন গিল ও রিশভ পান্ট।
৩.৫৩
সাকিবের জোড়া উল্লাস, গিলের পর পান্টকে আউট
উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে ফিরিয়েছেন শুভমন গিলকে। হাসানের ক্যাচ বানিয়েছেন। গিল করেছেন ৩৯ রান, ৪ বাউন্ডারি ও এক ছক্কায়। কিছুপর রিশভ পান্টকে ফিরিয়ে দেন সাকিব। এবারও ক্যাচ নেন হাসান। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ৯ রানে ফিরেছেন।

৩.২২
২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে চা বিরতিতে গেছে ভারত।
৩.০৩
ঝড় তোলা জয়সওয়ালকে বোল্ড করলেন হাসান
রোহিত শর্মার সাথে নেমে প্রথম ওভার থেকেই ঝড় তুলেছিলেন যশ্বী জয়সওয়াল। রোহিত যখন মিরাজের বলে ফিরে গেলেও, পরে শুভমন গিলকে নিয়ে ঝড় চালিয়ে নেন বাঁহাতি ওপেনার। ৩১ বলে ফিফটি তুলে নেন জয়সওয়াল। হাসান মাহমুদ বোল্ড করে তাকে থামিয়েছেন। ৫১ বলে ৭২ রান করে গেছেন জয়সওয়াল, ১২ চার এবং ২ ছক্কায়
২.৪০
জয়সওয়ালের ৩১ বলে ফিফটি
নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করা যশ্বী জয়সওয়াল ৩১ বলে ফিফটি তুলে নিয়েছেন। ষষ্ঠ ফিফটি তুলেছেন ১০ চার ও এক ছয়ে। বাংলাদেশের বিপক্ষে যেটি দ্রুততম টেস্ট ফিফটির রেকর্ড। অবশ্য ভারতের দ্রুততম নয়। রিশভ পান্ট ২৮ বলে, কপিল দেব ৩০ বলে, শার্দূল ঠাকুর ৩১ বলে টেস্ট ফিফটি করে ভারতের রেকর্ডবুকে আছেন।
২.৩২
নিরাপত্তা প্রতিবেদনের উপর ভিত্তি করে টাইগার ডেরায় টেস্ট খেলতে আসার সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকা।
২.২৫
মিরাজ ফেরালেন ‘ভয়ঙ্কর’ রোহিতকে
প্রথম ওভার থেকে টি-টুয়েন্টি মেজাজে খেলতে থাকা ওপেনার রোহিত শর্মাকে চতুর্থ ওভারে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার আগের বলে রোহিতকে লেগ বিফোরে আউট দিলে রিভিউ নিয়ে বেঁচে যান স্বাগতিক অধিনায়ক। তাকে ব্যাট ছুঁড়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। পরের বলে রোহিতকে আর সুযোগ দেননি মিরাজ, বোল্ড আউট করেন। ৩ ছক্কা ও ১ চারে ১১ বলে ২৩ রানে ফেরেন রোহিত।
২.১৩
রিভিউ না নিয়ে সুযোগ হারাল বাংলাদেশ
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে রোহিত শর্মার ব্যাটের কানায় ছুঁয়ে বল যায় লিটনের গ্লাভসে। কাভারে দাঁড়ানো মিরাজ দেরি করে আবেদন জানান। বোলার হাসান এবং উইকেটকিপার লিটন ইশারা করেন তারা কিছু শোনেননি। টিভি রিপ্লে দেখে স্নিকোতে নিশ্চিত হয় সুযোগ হাতছাড়া করে ফেলেছে বাংলাদেশ। টাইগাররা রিভিউ নিলে আউট ছিলেন রোহিত শর্মা।
২.১০
রোহিতের ৩ ছক্কা, জয়সওয়ালের ৩ চার
ব্যাটিংয়ে নেমে টি-টুয়েন্টির মতো ঝড় তুলেছে ভারত। প্রথম ওভারে যশ্বী জয়সওয়াল তিন চার মারেন হাসান মাহমুদকে। পরের ওভারে খালেদ আহমেদের বলে দুটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। তৃতীয় ওভারে হাসানকে আরেকটি ছয় মারেন ভারত অধিনায়ক, সঙ্গে দুটি চারও।
তিন দিনে মাত্র ৩৫ ওভার খেলার পর চতুর্থ দিন প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দিনের বাকি সময়ে ৫৬ ওভার খেলার সুযোগ ভারতের।
১.৪১
বাংলাদেশ অলআউট
বাংলাদেশ প্রথম ইনিংস-২৩৩/১০ (৭৪.২)
মুমিনুল হক-১০৭*, নাজমুল হোসেন শান্ত-৩১
জাসপ্রিত বুমরাহ-৩/৫০, আকাশ দীপ-২/৪৩
১.৪০
মুমিনুল নিঃসঙ্গ থেকে গেলেন
মধ্যাহ্ন বিরতির পর আসা-যাওয়ার মিছিল বেড়েছিল বাংলাদেশের ব্যাটারদের। ২৮ রান তুলতে বাকি ৪ উইকেট হারিয়ে বসে টিম টাইগার্স। এ সময়ে সবাই মিলে বল খেলেছেন ৫০টি। শুধু মুমিনুলকে আউট করতে পারেননি ভয়ঙ্কর হয়ে ওঠা ভারতের কোনো বোলার।
১.২৫
ভোগাচ্ছেন বুমরাহ
চতুর্থ দিন সকাল থেকে দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ ভোগাচ্ছেন বাংলাদেশের ব্যাটারদের। আগের ওভারে মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে পরের ওভারে তাইজুল ইসলামকে আউট করেছেন ডানহাতি পেসার। বৃষ্টির প্রভাব থাকা পিচে সুযোগ কাজে লাগিয়ে দারুণ বল করছেন তারা। বুমরাহ ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন। সিরাজ নিয়েছেন ২ উইকেট।
১.১৪
সম্ভাবনা জাগিয়ে আউট মিরাজও
জাসপ্রিত বুমরাহ’র বলে গালিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। ২০ করে তার বিদায়ে মুমিনুলকে একপ্রান্তে রেখে বাংলাদেশের স্বীকৃত সব ব্যাটাররা সাজঘরে ফিরলেন। একপ্রান্ত আগলে রেখেছেন সেঞ্চুরিয়ান মুমিনুল ১০৬*।
১.০৪
ছুটছেন মুমিনুল, সঙ্গী মিরাজ
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ধীরস্থির ছুটছেন বাংলাদেশের দুই অপরাজিত তারকা। রান তোলায় তাড়াহুড়া নেই, আবার ঠিকই বাড়াচ্ছেন সংগ্রহ। উইকেটের আশায় আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুমিনুল হক ১০৬ ও মেহেদী হাসান মিরাজ ১০ রানে ব্যাটে।
১২.১৭
প্রথম সেশনে ৯৮ রান, ৩ উইকেট
কানপুরে চতুর্থ দিনে মুমিনুল হকের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে দুইশ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। সোমবার প্রথম সেশনে ৯৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে টিম টাইগার্স। ১০২ রানে অপরাজিত আছেন মুমিনুল।
১২.১৬
ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে অবিচল ব্যাটিং করে চলেছেন মুমিনুল হক।
১২.১৫
২০০ পেরোল বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতির আগে আগে ২০০ রান পেরিয়েছে বাংলাদেশ। অপরাজিত আছেন মুমিনুল হক ১০২ ও মেহেদী হাসান মিরাজ ৬ রানে। টাইগাররা উইকেট হারিয়েছে ৬টি।
১২.১৩
মুমিনুলের ১৩তম সেঞ্চুরি
অন্যদের যাওয়া-আসার মাঝে ১৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি মুমিনুল হক। ইনিংসে ১৫টি চার এবং একটি ছক্কার মার রয়েছে, বল খেলেছেন ১৬৭টি। ৯৫ রানে একবার জীবন পান মুমিনুল।

১১.৫৮
ভেন্যুর করুণ অবস্থা দেখে কানপুরকে বাতিলের খাতায় ফেলার দাবি তুলেছেন সাবেকরা
১১.৪১
সুপারম্যান হয়ে সাকিবকে ফেরালেন সিরাজ
ভালো শুরুর ইঙ্গিত দিলেও সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান। সুপারম্যান হয়ে তার ক্যাচ নিয়েছেন মোহাম্মদ সিরাজ। সাজঘরে ফেরার আগে ৯ রান করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার।

১১.৩০
মুমিনুলের ফিফটিতে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। ভালো ইনিংসের আশা জাগিয়ে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস।
১১.২০
শেষ টেস্টে কি নেমে পড়েছেন সাকিব?
সিরাজের বলে রোহিত শর্মার অসাধারণ এক ক্যাচে সাজঘরের পথ ধরেন লিটন দাস। তার আউটে ক্রিজে আসেন মিরপুরে খেলে আগেই বিদায়ের ঘোষণা দেয়া সাকিব আল হাসান। তবে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের মিরপুরে খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারতের বিপক্ষে খেলে যদি সাকিব আর দেশে ফিরতে না পারেন তাহলে এটিই হতে যাচ্ছে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ টেস্ট।

১১.১৭
লিটনের বিদায়
মোহাম্মাদ সিরাজের বলে দারুণ শট খেলতে গিয়ে আউট হয়েছেন লিটন দাস। শটে বিরাট কোহলিকে দাড়াতে দেখে লং অনের উপর দিয়ে শট খেলতে যান লিটন। কিন্তু রোহিত শর্মা এক হাতে দারুণ এক ক্যাচ ধরেন।

১১.১০
ড্রিংকস
দিনের প্রথম ঘণ্টায় মোট খেলা হয়েছে ১৪ ওভার। এ সময়ে বাংলাদেশের ব্যাটাররা রান তুলেছে ৪১ এবং হারিয়েছে মুশফিকুর রহিমের উইকেট। ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক।
১০.৫৩
৩৩ এ ৫০
গতকাল ৩৩ তম জন্মদিন পালন করেছেন বাঁহাতি মুমিনুল হক। গতকাল ব্যাটে নামতে পারলে হয়তো ফিফটির দেখা পেয়ে যেতে পারতেন বাংলাদেশের অভিজ্ঞ এ ব্যাটার। তবে আজকে সেই ফিফটির দেখা পেয়েছেন, সিরাজ প্রথম বলে আউটের শঙ্কা তৈরি করলে পরের বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন।

১০.৫১
রিভিউয়ে বাঁচলেন মুমিনুল
৪৬তম ওভারে প্রথমবার বলে আসেন মোহাম্মদ সিরাজ। তার প্রথম বলে গ্লাভসের কাছাকাছি থাইপ্যাডে বল লাগে। ভারতের আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মুমিনুল। এ যাত্রায় বেঁচে যান তিনি।
১০.৩৫
৪-০-৪-০-৪-০
মুশফিকের আউটের পর ক্রিজে আসেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। এসে জাসপ্রিত বুমরাহ’কে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেন এ হার্ডহিটার। বাউন্ডারির সংখ্যাগুলোও বেশ মজার-৪-০-৪-০-৪-০.
১০.২৫
বলটি আউটসুইং ভেবে বিভ্রান্ত হলেন মি. ডিপেন্ডেবল। ছাড়তে গিয়ে অফস্টাম্প উড়ে গেল মুশফিকের।
১০.২৩
মুশফিক বাউন্ডারি মারলেন, বোল্ড হলেন
কানপুর টেস্টে চতুর্থ দিনের সকালে ব্যাটে নেমে ছয় ওভারে এসে প্রথম বাউন্ডারির দেখা পায় বাংলাদেশ। জাসপ্রিত বুমরাহ’র প্রথম বলে বাউন্ডারি মারার পরের বলে আবার বোল্ড হয়ে ফিরে গেছেন মুশফিকুর রহিম। ১১ রানে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ তারকা।
১০.১০
ধারাভাষ্যকার আতাহার আলী খান পিচ দেখেন এবং জানিয়েছেন খুব সুন্দরভাবে পিচ শুকিয়েছে। খেলার জন্য দারুণ পরিবেশ রয়েছে।
১০.০৯
খেলা হবে ৯৮ ওভার
টানা দুদিন ও সাত সেশনে কোনো বল মাঠে গড়ায়নি। পুষিয়ে নিতে টেস্টের চতুর্থ দিনে শেষদিকে আলো বেশি থাকা সাপেক্ষে বাড়তি ওভার হবে। সোমবার ৯৮ ওভার খেলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১০.০০
কড়কড়ে সূর্যের দেখা, ঠিক সময়ে শুরু চতুর্থ দিনের খেলা
কানপুর টেস্টের চতুর্থ দিনে এসে কড়কড়ে সূর্যের দেখা মিলেছে। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। নির্ধারিত সময়ে শুরু হয়েছে খেলা। বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ক্রিজে নেমে পড়েছেন। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাট করছেন।
_________________________________________________
২৯-০৯-২০২৪ (কানপুর টেস্টের তৃতীয় দিন শেষে)
_________________________________________________
৮.০৪
সেই বিষয়ে কথা বললেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। সেখানে সাকিবকে রাজনৈতিক অবস্থান পরিস্কার করতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা।
রাজনৈতিকভাবে সাকিবকে অবস্থান পরিষ্কার করতে বললেন ক্রীড়া উপদেষ্টা
৮.০৪
টানা দুদিন খেলা না হওয়া কানপুর টেস্টের তৃতীয় দিনে জানানো হল টি-টুয়েন্টি সিরিজের দলে কারা
৫.৫৪
নাজমুল আবেদীন ফাহিম রোববার কথা বললেন শিষ্য সাকিবকে নিয়ে।
৫.০২
টাইগার অলরাউন্ডার ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে চেয়েছেন অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তাও চেয়েছেন। তবে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যের নিরাপত্তার এমন নিশ্চয়তা চাওয়া অবান্তর, মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৪.৪০
বৃষ্টি না হওয়ার পরও কোনো বল না গড়িয়ে দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় কিছু প্রশ্ন উঠেছে।
২.৩৪
ম্যাচের জন্য আরেকটি দুঃসংবাদ রয়েছে। দিনে বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি যদি মুষলধারে হয়, চতুর্থ দিনেও খেলা নিয়ে কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে।
২.৩২
কোনো বল না গড়িয়েই তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
কানপুরে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। দুপুর আড়াইটায় দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলা বাতিল ঘোষণা করেন। দ্বিতীয় দিনের মতো এদিনও কোনো বল মাঠে গড়ায়নি। টানা দুদিন এবং মোট সাত সেশনে খেলা হল না।
১২.৪৫
দ্বিতীয় সেশনেও খেলা হচ্ছে না
তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় প্রথম পর্যবেক্ষণের পর দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় পর্যবেক্ষণের সময় ছিল। সে পর্যবেক্ষণে খেলার মতো উপযুক্ত পরিবেশ না পাওয়ায় দুপুর আড়াইটায় পরবর্তী পর্যবেক্ষণ করা হবে। দুই আম্পায়ার মাঠের পরিবেশ-পরিস্থিতিতে খুশি নন। দ্বিতীয় সেশনেও কোনো বল না গড়ানোর পরিস্থিতির সামনে কানপুর টেস্ট।
১২.১৫
মধ্যাহ্ন বিরতিতে দুদল
মাঠ পর্যবেক্ষণে যাওয়ার আধাঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে মধ্যাহ্ন বিরতিতে গেছে দুদল। সাড়ে ১২টায় দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণে নামবেন। এরপর জানা যাবে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও খেলা পরিত্যক্ত হয় নাকি লড়াইয়ের সম্ভাবনা জাগে।
১১.১৫
টানা পাঁচ সেশন মাঠে বল গড়ায়নি
কানপুর টেস্টে প্রথমদিন থেকে এপর্যন্ত টানা পাঁচ সেশনে খেলা হয়নি। প্রথমদিনে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে খেলা হয়েছিল ৯ ওভার। পরে পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিনের তিন সেশনে এক বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে প্রথম সেশনেও খেলা হবে না। মুমিনুল হক নেমেছিলেন প্রথমদিনের প্রথম সেশনে, মুশফিকুর রহিম প্রথম দিনের দ্বিতীয় সেশনে ক্রিজে এসেছিলেন। তারা অপরাজিতই আছেন!

১১.০০
অপেক্ষার প্রহর বেড়েছে
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা গড়াতে আরও অপেক্ষা করতে হবে। দুই আম্পায়ার মাঠের বিভিন্ন জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। তারা মিডঅফ, কাভার, গালি, প্রথম ও দ্বিতীয় স্লিপ এবং ডানহাতি ব্যাটারদের জন্য মিডিয়া কাভারের সামনের অংশটা দেখেছেন। পরবর্তী পর্যবেক্ষণ হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। যার অর্থ প্রথম সেশনের খেলা মাঠে গড়াচ্ছে না।

১০.৩০
আউটফিল্ডের কাভার সরানোর পাশাপাশি পিচের মূল কাভারও সরানো হয়েছে।
১০.০০
মাঠ পর্যবেক্ষণ
কানপুর টেস্টের তৃতীয় দিনে খেলা গড়ানোর সমূহ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণ করবেন। আউটফিল্ড থেকে কাভার সরানো হয়েছে। মাঠকর্মীরা প্রধান কাভার থেকে স্পঞ্জ দিয়ে পানি সরানোর চেষ্টা করছেন। টিমবাস স্টেডিয়ামে এসে গেছে এবং দর্শকের ভীড় আজও অনেক।

_________________________________________________
২৮-০৯-২০২৪ (কানপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে)
_________________________________________________
১১.২০
কানপুর টেস্টের গ্যালারিতে ভারতীয় সমর্থকরা মারধরের শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন বাংলাদেশের ‘সুপার ফ্যান’ খ্যাত ‘টাইগার রবি’। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত।
৭.৪৫
দ্বিতীয় দিনের পুরোটা বৃষ্টির পেটে চলে যাওয়ায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা হতাশ, ‘খেলোয়াড় হিসেবে তো অবশ্যই একটা অস্বস্তিকর ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, মাঝে কিছুক্ষণ খেলাও হল এরপর আবার বন্ধ হয়ে গেল। আজকে সারা দিন খেলা হল না, প্লেয়ার হিসেবে অবশ্যই এটা অস্বস্তিকর। আসলে কিছু করার নেই, আমাদের নিয়ন্ত্রণেও এটি নেই। তবে খেলা হলে ভালো লাগতো।’
৪.৪০
রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কানপুরে। যার স্থায়িত্ব হতে পারে ঘণ্টাদুয়েক।
৩.৪৫
রোববারের আবহাওয়া
ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন অর্ধেকও খেলা হয়নি। দ্বিতীয় দিন একটা বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিন অর্থাৎ রোববারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ বেশ পরিষ্কার থাকবে। কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজকের মত বাজে আবহাওয়া হবে না।

২.৫৫
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
কানপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। প্রথম দিন ৩৫ ওভার খেলা হলেও দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টি না থাকলেও মাঠে প্রচুর পরিমাণ পানি রয়েছে বলে জানা গেছে। তবে আগামীকাল রোববারের আবহাওয়া আজকের চেয়ে ভালো থাকবে।

২.০৩
টেস্ট আঙিনায় পা রাখার ২৪ বছরে ভারতের বিপক্ষে দুই বার ড্র করেছে বাংলাদেশ। অবশ্য তা বৃষ্টির কল্যাণে। ২০০৭ সালে চট্টগ্রামে ও ২০১৫ সালে ফতুল্লায় ফল হয়নি। বাকি ১২ টেস্টে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত।
১.১৩
দ্বিতীয় সেশনেও বৃষ্টি
বৃষ্টিতে প্রথম সেশন ভেসে যাওয়ার পর দ্বিতীয় সেশনেও একই অবস্থা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা মাঠকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। কাভারের উপর প্রচুর পানি রয়েছে। স্বস্তির কথা আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে।
১২.২৯
মধ্যাহ্ন বিরতি
কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গেছে। মাঠে কোনো বল না গড়িয়ে মধ্যাহ্ন বিরতির সময় হয়েছে। বৃষ্টি থামার পর আবারও বৃষ্টি শুরু হয়েছে।

১২.১১
বৃষ্টি নেই তবুও খেলা হচ্ছে না
কানপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, আপাতত বৃষ্টি নেই। মধ্যাহ্ন বিরতির সময় হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার পর দর্শকদের মধ্যে কিছুটা আনন্দধ্বনি, হইহুল্লোড় দেখা গেছে। বৃষ্টিতে ভেসে যাওয়ার পথে প্রথম সেশন। এই সেশনে আর খেলা হওয়ার সম্ভাবনা নেই।

১১.০০
মাঠ ছেড়ে হোটেলে দল
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। প্রায় এক ঘন্টা অপেক্ষার পর খেলোয়াড়েরা মাঠ ছেড়ে হোটেলে গেছেন। কোনো দলেরই ড্রেসিংরুমে বসে থেকে লাভ হচ্ছে না। প্রথমে ভারতীয় দল গ্রিনপার্ক স্টেডিয়াম ছাড়ার পর বাংলাদেশও একই পথ অনুসরণ করেছে।

১০.৪৬
বৃষ্টি থেমেছে
কানপুরে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। সেই বৃষ্টি এবার থেমেছে। তবে মাঠের কোনো কাজ এখনও শুরু হয়নি এমনকি মাঠের কাভারগুলোও সরানো হচ্ছে না।
১০.৩৯
মুশফিকুর রহিমের প্রশংসায় তামিম
টেস্ট ক্রিকেটে প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে তামিম বলেছেন, ‘হ্যাঁ, আপনি আমার সম্পর্কে বলতে পারেন, আপনি সাকিবের কথাও বলতে পারেন। কিন্তু আপনি যদি কাউকে আদর্শ মনে করতে চান, আমি দৃঢ়ভাবে মনে করি এটি মুশফিকের হওয়া উচিত।’

১০.৩০
ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও প্রথমদিনের সকালের মতো বৃষ্টিময় শুরু হয়েছে। সকাল থেকে কানপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
১০.০৫
যাদের দিকে তাকিয়ে বাংলাদেশ
খেলা গড়ালে ব্যাট করতে নামবেন বাংলাদেশের দুই অপরাজিত অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম। প্রথমদিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে মুমিনুলের ফিফটি জুটির শেষে মধ্যাহ্ন বিরতির কিছুপর দিনের খেলা শেষ হয়। শেষের আগে তাকে সঙ্গ দিচ্ছিলেন মুশফিক।

৯.৩০
কানপুর টেস্ট: দ্বিতীয় দিনের সকাল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হবে, এমন জানিয়েছে বিসিসিআই। খেলা শুরু হওয়ার সূচি নির্ধারিত আছে সকাল ১০টায়। হাতে সময় আধাঘণ্টা থাকলেও কানপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দুদলের টিমবাস স্টেডিয়ামে পৌঁছেছে।

_________________________________________________
২৭-০৯-২০২৪ (কানপুর টেস্টের প্রথমদিন শেষে)
_________________________________________________
৯.০৭
‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ সত্য নয় এমন দাবি করেছে কানপুর পুলিশ। তাদের দাবি, পানিশূন্যতায় ভুগছিলেন টাইগার রবি। সুস্থ হয়ে রবিও বলেছেন এমনই।
৩.৩৫
৩৫ ওভারে আলোকস্বল্পতা ও বৃষ্টিতে বন্ধ হয়েছিল কানপুর টেস্টের দ্বিতীয় সেশনের খেলা। গ্রিনপার্ক স্টেডিয়াম আঁধারে ছেয়ে গিয়েছিল তারপর। ওই ৩৫ ওভারেই শেষ হয়ে গেল প্রথমদিনের খেলা। বৃষ্টির বেগ বাড়ায় দিনের খেলা বন্ধ ঘোষণা দেন ম্যাচের দুই মাঠ আম্পায়ার।
৩.৩৩
বাংলাদেশ-ভারত কানপুর টেস্ট :: প্রথমদিনের খেলা শেষে
বাংলাদেশ প্রথম ইনিংস- ১০৭/৩ (৩৫)
মুমিনুল হক-৪০* ও মুশফিকুর রহিম ৬*
আকাশ দীপ-২/৩৪, রবীচন্দ্রন অশ্বিন-১/২২
৩.৩১
বাংলাদেশের ‘সুপার ফ্যান’খ্যাত ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ। তাকে উত্তর প্রদেশ পুলিশ হাসপাতালে পাঠিয়েছে, জানাচ্ছে দেশটির গণমাধ্যম। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে চলতি টেস্টের প্রথমদিনের ঘটনা।
৩.১৫
বৃষ্টির বেগ বেড়েছে আরও। তাতে দিনের বাকি খেলা মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা।
৩.০০
বৃষ্টির বেগ বাড়ছে
৩৫তম ওভার শেষে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। তার কিছুপর কানপুরে শুরু হয়েছে বৃষ্টিও। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি নামে। ধীরে ধীরে সেটি ভারী আকারে রূপ নিচ্ছে। মাঠের পরিবেশ অন্ধকারাছন্ন হয়ে পড়েছে।
২.৫৩
পাঁচ রিভিউ, দুটি নষ্ট
কানপুর টেস্টে ৩৪ ওভারের মধ্যে ৫বার রিভিউয়ের আবেদন করেছে ভারত। যার মধ্যে দুটিতে সাদমান ও শান্তর ক্ষেত্রে সফল হলেও বাকিগুলোতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। যদিও ভারতের রিভিউ নষ্ট হয়েছে দুটি, একটিতে পার পেয়ে যায় আম্পায়ার্স কলের কারণে। মুমিনুলের আউটের জন্য দুবার রিভিউ আবেদন করে ব্যর্থ হয় স্বাগতিকরা। চেন্নাইয়ের প্রথম টেস্টের পুরো খেলায় দলটি মাত্র চারটি রিভিউ নিয়েছিল।
২.৩৯
আলোকস্বল্পতায় খেলা বন্ধ
৩৫তম ওভার শেষে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম ফিরে গেছেন সাজঘরে। ভারতের খেলোয়াড়দের এসময় কিছুটা হতাশ দেখা যায়। দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলা হয়েছে, বাংলাদেশ ৩৩ রানে তুলেছে। হারিয়েছে অধিনায়ক শান্তর উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাটে।
২.৩৩
আবারও ভারতের রিভিউ নষ্ট
৩৪তম ওভারের পঞ্চম বলে এসে আকাশ দীপের বলে এলবিডব্লিউ আবেদন করেছিল ভারত, ব্যাটিং প্রান্তে তখন মুমিনুল হক। আম্পায়ারের সিদ্ধান্ত নটআউট ছিল। ভারত রিভিউ নিয়ে আবারও ব্যর্থ হয়, বল ছিল লেগ স্টাম্পের বাইরে। তাতে দ্বিতীয় রিভিউ নষ্ট হয় ভারতের। এর আগে আউট হয়ে যাওয়া নাজমুল হোসেন শান্তর বিপক্ষে রিভিউ নিয়ে প্রথমটি নষ্ট করেছিল ভারত।
২.৩২
বাংলাদেশের ১০০
দ্বিতীয় সেশনের আধাঘণ্টাতে, ৩৪তম ওভারে এসে দলীয় ১০০ পেরিয়ে গেছে বাংলাদেশ। হারিয়েছে ৩ উইকেট। মুমিনুল হক ৩৬ ও মুশফিকুর রহিম ৫ রানে ব্যাট করছেন।
২.২৫
ফিফটি জুটির পর শান্তর বিদায়
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ৫১ রানের দৃঢ়তা গড়েছেন। দ্বিতীয় সেশনের শুরুতেই সেই জুটি ভেঙে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৫৭ বল খেলে ৩১ রান তার। মুমিনুল ১৯ রানে ব্যাট করছেন।

১.৫৫
১৫ মিনিট দেরিতে শুরু দ্বিতীয় সেশন
মধ্যাহ্ন বিরতি শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়েছিল বৃষ্টিও। ঝিরিঝিরি সেই বৃষ্টি থেমেছে মধ্যাহ্ন বিরতির সময় শেষ হওয়ার পর। তাতে দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে ১৫ মিনিট দেরি হয় আম্পায়ারদের।

১.০৪
মধ্যাহ্ন বিরতি শুরুর সাথে শুরু বৃষ্টিও
কানপুর টেস্টে প্রথম সেশন শেষে মধ্যাহ্ন বিরতি শুরুর সাথে সাথে শুরু হয়েছে বৃষ্টিও। খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফেরার সঙ্গে সঙ্গেই পিচ এবং মাঠের অনেকটা অংশ কাভার দিয়ে ঢেকে ফেলা হয়েছে।
১.০৩
বাংলাদেশ-ভারত কানপুর টেস্ট: মধ্যাহ্ন বিরতি
বাংলাদেশ প্রথম ইনিংস- ৭৪/২ (২৬)
মুমিনুল হক-১৭* ও নাজমুল হোসেন শান্ত- ২৮*
১.০২
প্রথম সেশনের বিরতির আগে পঞ্চাশের কাছে রয়েছে তৃতীয় উইকেট জুটি।
১২.৪২
ভারতের নষ্ট রিভিউ-ব্যর্থ রিভিউ
১৯তম ওভারে মুমিনুল হককে আউটের জন্য জাসপ্রিত বুমরাহ এলবিডব্লিউর আবেদন করেন। সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন রোহিত শর্মা। সাদমানের মতো সফল হননি। হক-আইতে দেখা যায় বল স্টাম্পের বেলে হালকা ছুঁয়েছে। মুমিনুল টিকে যান, টিকে যায় ভারতের রিভিউও। এর আগে মোহাম্মদ সিরাজের বলে নাজমুল হোসেন শান্তকে আউটের রিভিউ নিয়ে সফল হতে পারেনি ভারত। সেদফা রিভিউ নষ্ট হয়।
১২.২৮
দুপুরেই লাইট জ্বালিয়ে টেস্ট
কানপুরে বৃষ্টি এবং বাজে আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। দেরিতে শুরু হওয়ার পর মধ্যাহ্ন বিরতির আগেই স্টেডিয়ামের ফ্ল্যাডলাইট জ্বালিয়ে খেলা চালাতে হচ্ছে।
১২.২৫
ইমরুলের অপ্রত্যাশিত রেকর্ড এখন জাকিরের
বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে খালি হাতে ফেরার রেকর্ড করলেন জাকির হাসান। কানপুর টেস্টে ২৪ বল খেলে নামের পাশে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফিরেছেন। আগের রেকর্ডটি ছিল ইমরুল কায়েসের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন তিনি।
১২.১৬
শীর্ষ ৬-এর ৫-ই বাঁহাতি
কানপুর টেস্টে বাংলাদেশের টপঅর্ডারের ৬ ব্যাটারের ৫ জনই বাঁহাতি। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের পর মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান বাঁহাতি ব্যাটার। শীর্ষে ছয়জনের মধ্যে কেবল মুশফিকুর রহিম ডানহাতি।
১২.০৭
দুই চারে ইনিংস শুরু শান্তর
দুই ওপেনারকে আউট করা ভারতীয় পেসার আকাশ দীপকে দুই চার মেরে ইনিংস শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। ওভারের প্রথম বলে সাদমান ইসলাম আউটের পর তৃতীয় ও পঞ্চম বলে চার মারেন বাংলাদেশ অধিনায়ক।

১২.০১
ভারতের রিভিউ, সাদমান আউট
আকাশ দীপের বলে সাদমান ইসলাম এলবিডব্লিউ আউটের ফাঁদে পড়েছেন। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। ফলাফল ৩৬ বলে ২৪ রানে আউট সাদমান।

১১.৫৪
ভারত সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার বৃত্তেই বাঁহাতি ওপেনার জাকির হাসান।
১১.৫৬
তামিমের বিস্ময়
জাকির হাসানের ওরকম আউটে তামিম ইকবালের বিস্ময়। ২০ বল খেলার পর অধৈর্য হয়ে আউট হওয়ায় বিস্মিত বাংলাদেশের সাবেক অধিনায়ক।
১১.৪২
২৪ বল খেলে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান। আকাশ দীপের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ ওপেনার। ক্যাচ নিয়ে অস্পষ্টতা থাকলে দুই আম্পায়ার রিভিউ দেখে আউট দেন।

১১.৩৬
কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে শুরুতে সাবধানী বাংলাদেশ। জাকির হাসান ও সাদমান ইসলাম জুটি গড়ে তোলার চেষ্টা করছেন।
১১.২০
ধারাভাষ্যকার মুরালি কার্তিক বলেছেন- ‘এটা কালো মাটির পিচ। এটা বেশ কালো, তবে সেখানে যথেষ্ট ফ্যাকাশে রংয়ের ঘাস রয়েছে। ব্যাট করার জন্য ভালো হলেও আকাশের যে অবস্থা সেটা ম্যাচের অবস্থা নিয়ে আবারও ভাবাচ্ছে।’

১১.০৭
১৯৬৪ সালের পর প্রথম কোনো দল হিসেবে ভারত কানপুরে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে। এর আগে ১৯৬৪ সালে টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ে নেমেছিল।

১০.৪০
কানপুর টেস্ট: দুদলের একাদশে যারা
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, রিশভ পান্ট, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ।

১০.৩০
কানপুর টেস্টে টসে জিতেছে ভারত। আগে ব্যাটে নামবে বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলাম ও পেসার খালেদ আহমেদকে ফিরিয়ে একাদশ সাজিয়েছে টিম টাইগার্স, নেই তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
১০.১৭
টসে দেরি হয়। পরে টসের নতুন সময় জানিয়েছেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো।
৯.২৫
ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টে টসে দেরি হচ্ছে। বৃষ্টির পর ভেজা আউটফিল্ড, আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে নামবেন সকাল ১০টায়।
_________________________________________________
২৬-০৯-২০২৪ (কানপুর টেস্টের আগেরদিন)
_________________________________________________
৯.৫৪
অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে টেস্টকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য প্রত্যাশা করছেন প্রয়োজনীয় নিরাপত্তারও। কিন্তু সেটির এখতিয়ার বা ক্ষমতা যে বিসিবির নেই তা সাফ জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
‘আমি পুলিশ কিংবা র্যাব নই’ -সাকিবের নিরাপত্তা প্রসঙ্গে বিসিবি সভাপতি
৯.১৬
চেন্নাইয়ে লালমাটির পিচে খেলেছিল দুদল। কানপুরের পিচ কালো মাটির। আপাতত দুটি পিচ তৈরি রাখা হয়েছে। কোন পিচে খেলা হবে, তা এখনও ঠিক হয়নি। সে কারণে দুদলের একাদশে পরিবর্তন আসতে পারে খেলার সকালেও।
৬.৩৬
আগস্টে সরকার পতন, গার্মেন্টসকর্মী হত্যার মামলায় নাম আসা, সবমিলিয়ে কঠিন সময় পার করছেন। এরমধ্যেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়ার চেষ্টা করছেন। তবে নিজেও জানেন না ফোকাস কীভাবে ধরে রাখছেন।
সাকিব বললেন অভিযোগগুলো মিথ্যা, ভালো দিক বহন করে না দেশের জন্য
৫.৫৪
গ্রিন পার্ক স্টেডিয়ামের একটি স্ট্যান্ডকে অনিরাপদ ঘোষণা করেছে রাজ্য কর্মকর্তারা।
৫.৪২
এরমধ্যেই প্রাকৃতিক সংকটের মুখোমুখি কানপুর টেস্ট। শঙ্কা রয়েছে প্রথমদিনে খেলা গড়ানো নিয়েই।
৪.৩১
বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন, এই দুই সংস্করণকে বিদায় বলে দেয়া সঠিক মনে করছেন। সঙ্গে জানিয়েছেন, অভিমান থেকে বিদায় নিচ্ছেন না।
৪.১৮
ভিডিও: বিদায় বলে দিলেন সাকিব
৩.২৯
প্রোটিয়া সিরিজে খেলতে এই দেশে ফেরা প্রসঙ্গেই সাকিবকে ঘিরে উঠছে নতুন প্রশ্ন। তার নামে যে হত্যা মামলা দায়ের হয়েছে।
২.২৮
টেস্ট ও টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলে অবসরে যাবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।









