চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বোলাররা শুরু-শেষে সফল হলেও ব্যাটিং ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। ফলো-অন এড়াতে না পারলেও বাংলাদেশকে পুনরায় ব্যাটে পাঠায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারিয়েছে স্বাগতিক দল। টাইগারদের প্রথম সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ।
তৃতীয় ওভারে তৃতীয় বলে টাইগার পেসারের ডেলিভারিতে ভুল করে বসেন রোহিত শর্মা। শর্ট লেন্থের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন জাকির হাসানের হাতে। ১৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ বলে ৫ রান করে আউট হন রোহিত। আগের ইনিংসেও স্বাগতিক অধিনায়ককে দ্রুত ফিরিয়েছিল বাংলাদেশ, বোলার ছিলেন হাসান মাহমুদ।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেটে ১৭ রান তুলেছে ভারত। শুভমান গিল ২ রানে ও যশ্বী জয়সওয়াল ১০ রানে ক্রিজে আছেন।







