অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার অনুমোদন দিয়েছে। এই টাকা যোগ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর ) সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির ঋণ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।আইএমএফের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরই দ্বিতীয় কিস্তির অর্থ বাংলাদেশের অ্যাকাউন্টে ঢুকেছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে আইএমএফ ঋণের প্রথম কিস্তির ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার পায় বাংলাদেশ। সংস্থাটি ২০২৬ সাল পর্যন্ত মোট সাত কিস্তিতে ৪৭০ কোটি ডলার ঋণ দেবে।







