ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে গিয়ে প্রথম ম্যাচ আলো ছড়িয়েছেন বাংলাদেশি হামজা চৌধুরী। ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন ২৭ বর্ষী ডিফেন্সিভ মিডফিল্ডার।
ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে শুক্রবার শেফিল্ড ইউনাইটেড ১-০তে জিতেছে। ম্যাচের ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে শেফিল্ড। জায়গা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুদলের একটি হয়ে উঠে আসবে ইংলিশ প্রিমিয়ার লিগে।
গতবছরের শেষদিকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ইংলিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন। লাল-সবুজদের হয়ে খেলার আগে নিজের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে খেলতে গেছেন শেফিল্ডে।








