আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ধারা বজায় রাখতে পারেনি সাকিব আল হাসানের দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। হারের পর আরেকটি দুঃসংবাদ পেয়েছে টিম টাইগার্স। বোলিংয়ে স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি তাসকিন-মোস্তাফিজরা, এক ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ।
আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার্স এবং প্লেয়ার সাপোর্টের ২.২২ ধারা অনুযায়ী, মন্থর ওভার-রেটের সঙ্গে সম্পর্কিত সকল খেলোয়াড়কে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেই হিসেবে এক ওভার পিছিয়ে থাকায় ৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন এবং তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। বাংলাদেশ অধিনায়ক সাকিব শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। এবারের আসরে প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে শীর্ষে আছে কিউই দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।








