বাংলাদেশ জাতীয় ফুটবল দল বৃহস্পতিবার নেপালের আর্মি হেডকোয়ার্টার ফুটবল গ্রাউন্ডে প্রথম অনুশীলন সেশন করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এদিনের অনুশীলন ছিল হালকা স্ট্রেচিং ও ওয়ার্মআপ কেন্দ্রীক। নেপালের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ হলেও জয়ে চোখ রাখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।
অনুশীলন শেষে ক্যাবরেরা বলেছেন, ‘আমরা ভালো আছি, কন্ডিশনও ভালো আছে। ঘরের মাঠের মতো আবহাওয়া এখানে। এটা আমাদের জন্য ভালোই চ্যালেঞ্জ, খেলোয়াড়দের জন্যই ভালো সুযোগ দেখছি এটিকে।’
‘এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হংকং ম্যাচের জন্য যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু আমরা যখনই কোন ম্যাচে মুখোমুখি হই, আমাদের প্রধান উদ্দেশ্য থাকে সেই ম্যাচ জেতা।’
নেপালে খেলা শেষে অক্টোবরে ঘরের মাঠে এবং পরপরই অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটি হবে ৯ অক্টোবর ঢাকায়, ১৪ অক্টোবর হংকংয়ে। প্রস্তুতি ম্যাচে থাকছেন না হামজা দেওয়ান চৌধুরী। নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।
সবশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা নেই নেপাল সফরে। তারা আছেন ভিয়েতনামে, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে।








