১১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান। পাল্লেকেলের উইকেটে সাকিব আল হাসান রানের সুবাস পেয়ে নিয়েছিলেন আগে ব্যাটিং। কিন্তু ম্যাচের শুরুতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার বোলারদেরই দাপট। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চাপে আছে টিম টাইগার্স।
অনভিজ্ঞ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ জুটি বাধেন। লিটন দাস ছিটকে যাওয়ায় অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়নি তানজিদকে। ২২ বছর বয়সী তরুণের শুরুটা অবশ্য হল হতাশার। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে তরুণ ওপেনার ফেরেন রানের খাতা খোলার আগেই।
কাসুন রাজিথার প্রথম ওভারের ৬টি বল মোকাবেলা করেন নাঈম শেখ। মারেন একটি বাউন্ডারি। দ্বিতীয় ওভারে স্ট্রাইক পান তানজিদ। দুই ওপেনারই বাঁহাতি হওয়ায় অফস্পিনার মাহেশ থিকসানাকে বোলিংয়ে আনেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাতে শুরুতেই মেলে সফলতা।
প্রথম বল ব্যাটে লাগাতে পারেননি তানজিদ। বল লাগে প্যাডে। পরের বলে বাংলাদেশ ওপেনার হন এলবিডব্লিউ। বল স্টাম্পের ভেতর থাকায় রিভিউ নেয়ার প্রয়োজন হয়নি অভিষিক্ত তানজিদের।
তিন বাউন্ডারিতে ২৩ বলে ১৬ রান করে পরে সাজঘরে ফিরে যান নাঈম। দলের সংগ্রহ তখন ২৫। ধনঞ্জয়া ডি সিলভার অফস্পিনে ধরা পড়েন বাঁহাতি ওপেনার।
পেসার পাথিরানার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকিব। ১১ বলে ৫ রান করে যান টাইগার অধিনায়ক। টানা তিন উইকেট পতনে চাপে পড়েছে বাংলাদেশ।







