অর্থনীতি

রপ্তানিমুখী শিল্পে নতুন ঋণ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানিমুখী শিল্পে নতুন ঋণ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

রপ্তানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন ঋণ সুবিধায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে এ ঋণের সর্বোচ্চ সুদ ছিল ৫ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তায় প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আরও ২ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। ফলে এ স্কিমের মোট তহবিল বেড়ে ৭ হাজার কোটি টাকা হয়েছে। ইএফপিএফে অবশিষ্ট থাকছে ৩ হাজার কোটি টাকা।

নতুন ঋণ সুবিধার ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন নিতে ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদ দিতে হবে। আগে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুদের হার ছিল ২ শতাংশ।

সার্কুলারে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনঃঅর্থায়নের অর্থ পরিশোধে কোনো ব্যাংক ব্যর্থ হলে অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে।

এ ছাড়া পুনঃঅর্থায়ন নেওয়া ব্যাংক মেয়াদ শেষ হওয়ার আগেই নেওয়া অর্থের পুরোটা পরিশোধ করতে পারবে। চাইলে আংশিক অর্থও সমন্বয় করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বিষয়:ঋণ তহবিল বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী শিল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…