শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ নিয়ে দীর্ঘ সফর শেষ করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঘরে ফিরেছে টিম টাইগার্স। লাল-সবুজরা টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও লিটন দাসের নেতৃত্বে ২-১ ব্যবধানে প্রথমবার দেশটি থেকে টি-টুয়েন্টি সিরিজ জিতে এসেছেন। দলকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঘরের মাঠে কিংবা বাইরে সব সংস্করণে সিরিজ জিতলেও শ্রীলঙ্কার মাটিতে জয় প্রথমবার। টি-টুয়েন্টি সিরিজে শেষ ম্যাচে কারিয়ারসেরা বোলিং করেন শেখ মেহেদী হাসান ও নিজের সেরা ব্যাটিং করেন তানজিদ হাসান। সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। পরে টানা দুই ম্যাচে তুলে নেয় জয়। দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল জয়ের পর বুধবার শেষ ম্যাচে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে জয় পায় ৮ উইকেটে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে । জবাবে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়েরবন্দরে নোঙর করে বাংলাদেশ।
একমাসের বেশি সময় শ্রীলঙ্কায় অবস্থান করেছে সফরকারীরা। স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে প্রবেশ করেছে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ১৬৩ রানের ইনিংসেও শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দারুণ খেলা বাংলাদেশ ড্র করে। চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা রাঙানো হয়নি টাইগারদের। দ্বিতীয়টিতে হেরে সিরিজ হারায় টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে হেরে দ্বিতীয়টিতে জয়ের দেখা পায় টানা সাত ম্যাচ পর। সমতায় ফিরে শ্রীলঙ্কায় প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং ধসে পরাজয় দেখে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ৯৯ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায়।








