ভারতে হতে চলা এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে খেলার ডাক পেয়েছে বাংলাদেশ। প্রস্তুতি চলছে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। দলের সার্বিক খবর জানাতে সংবাদমাধ্যমে কথা বলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. রিয়াজুল হাসান। ভালো করার আশার কথা জানালেন তিনি।
রিয়াজুল হাসান বললেন, ‘আমাদের দলের কাছে একটাই প্রত্যাশা তারা ভালো করুক। তাজিকিস্তান ও বাংলাদেশ বাদে বাকি ছয়টি দলের প্রত্যেকটি প্রতিনিয়ত খেলছে, খেলার মধ্যে আছে। যেহেতু আমরা প্রতিযোগিতায় ছিলাম না বলে ওই প্রস্তুতি নেই। তবুও বলব যারা এখানে অনুশীলন করছে তারা জান দিয়ে পরিশ্রম করেছে।’
‘আমাদের অন্যান্য প্রস্তুতি যা হয় তাড়াহুড়ো করে সব চলছে। আমরা হয়তো আগামী রোববার, সর্বোচ্চ সোমবারের মধ্যে ভিসা পেয়ে যাব। এই মুহূর্তে আমরা সর্বোচ্চ ভালো দল তৈরির চেষ্টা করছি। সময় আরেকটু পেলে এরচেয়ে হয়তো ভালো দল হতে পারত।’
বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সাধারণ সম্পাদক বললেন, ‘সত্যি কথা হল আমরা যদি বিশ্বকাপে বাছাই করতে পারি, তাহলে অনেক খুশি হবো। এরজন্য আমাদের পঞ্চম অবস্থানে থাকতে হবে। কারণ ষষ্ঠ অবস্থানে যারা থাকবে তাদের সাথে পাকিস্তান তিনটি ম্যাচ খেলবে, সেখানে যারা জিতবে তারা বাছাই করবে। এজন্য ষষ্ঠ অবস্থানের কথায় আমি যাব না।’
‘এ অবস্থানে থাকার জন্য আমাদের একটি ম্যাচ জিততে হবে, একটি ড্র করতে হবে। এখন যদি বলেন কোন দল আমাদের টার্গেট সেটা বলব না। এভাবে আসলে হয় না, কারণ অনেক সময় খারাপ দলও ভালো করে বসে, ম্যাচ জিতে নেয়। হয়তো আছে, সেটা মনে মনে।’
এবারের এশিয়া কাপ আসর বসবে ভারতে। দুই গ্রুপে ভাগ হয়ে ৮ দল অংশ নেবে। বাংলাদেশ খেলবে পুল ‘বি’তে। বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং চাইনীজ তাইপে।
আসরের উদ্বোধনী ম্যাচ ২৯ আগস্ট। মালয়েশিয়া এবং বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে আয়োজন। এদিন আরও খেলবে সাউথ কোরিয়া-চাইনীজ তাইপে, জাপান-কাজাখস্তান এবং ভারত ও চায়না।
বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ৩০ আগস্ট। প্রতিপক্ষ চাইনীজ তাইপে। একদিন বিরতি দিয়ে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ১ সেপ্টেম্বর। প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া।
দুই গ্রুপের আট দলের মধ্যে চার দল খেলবে সেমিফাইনালে। আসরের চ্যাম্পিয়ন দল ২০২৬ সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা ছেলেদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।










