আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা ‘মনে হয় হচ্ছে না’

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আফগানিস্তানও ঢাকায় সেই ম্যাচ খেলার জন্য রাজি হয়েছিল। তবে সেই ম্যাচ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর, আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ বাতিল হয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এখনও ম্যাচটি বাতিল হওয়ার কোনো তথ্য জানায়নি।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ বাতিল হয়েছে কিনা এমন প্রশ্নে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘বাংলাদেশ-আফগানিস্তানের ওই প্রীতি ম্যাচটি মনে হয় হচ্ছে না। এখনও আনুষ্ঠানিকভাকে কোনো কিছু জানায়নি, আজকে হয়তো জানিয়ে দেবে।’
১৮ নভেম্বর এএফসির বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে আমিরুল ইসলাম জানান,‘বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে কোনো আশঙ্কা থাকবে কেন। ওই ম্যাচ নিয়ে কোনো আশঙ্কা নেই। আফগানিস্তান এবং মিয়ানমারের যে খেলাটা বাংলাদেশে হওয়ার কথা ছিল সেই খেলাটা এখানে হবে না। ওরা বাংলাদেশকে হোম ভেন্যু হিসেবে বেছে নিচ্ছে না। যার জন্য এই ম্যাচটি বাতিল হতে পারে। ভারত-বাংলাদেশের ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই।’
বাংলাদেশ-ভারত ম্যাচের দিন বসুন্ধরার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি বাতিল হওয়ার পথে।






