অস্ট্রেলিয়ায় তানজিদ-ইমনের শতরানের জুটি

অস্ট্রেলিয়ায় তানজিদ-ইমন শতরানের জুটির সময় ব্যাটিং করছেন বাংলাদেশি ক্রিকেটার. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল ডারউইনে নর্দান টেরিটরি (এনটি) স্ট্রাইকের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। আফিফ হোসেনের নেতৃত্বে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫০ রান তুলেছে সফরকারীরা।
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের ওপেনিং জুটির পরও টাইগারদের সংগ্রহ বড় হয়নি। তানজিদ ফিফটি পেয়েছেন, অল্পের জন্য সুযোগ হাতছাড়া করেন ইমন।
৬৪ বলে ৪টি চার ও এক ছয়ে ৫৩ রান করেন তানজিদ। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে ইমন আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।
তৃতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে আটে নামা আবু হায়দার রনির ব্যাটে। ৪১ বলে ৩টি চার ও ১ ছয়ে সাজান ইনিংসটি।
আকবর আলী ২৬, শামীম হোসেন পাটোয়ারি করেন ২০ রান। অধিনায়ক আফিফ ফেরেন ৬ রান করে।
অতিরিক্ত থেকে বাংলাদেশ পায় ২২ রান। এনটি স্ট্রাইকের পেসার হামিশ মার্টিন ১০ ওভারে ৪৬ রান খরচায় নেন ৪ উইকেট।






