এসো হে বৈশাখ—নতুন সূর্যের আলোয় মুছে যাক সব গ্লানি। এই আহ্বান শুধু বাংলার মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরের প্রবাসেও। পর্তুগালের বন্দর নগরী পোর্তো শহরে সেই বৈশাখী আবহেই জমে উঠেছিল বর্ণাঢ্য বৈশাখের পিঠা উৎসব।
পর্তুগালের পোর্তো শহরে বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত পিঠা উৎসব যেন রূপ নিয়েছে এক টুকরো বাংলাদেশ।
সেন্ট্রো সিনেমা বাটালহা প্রাঙ্গণে ‘কমিউনিডে দে বাংলাদেশ দও পোর্তো’ ও ‘সেন্ট্রো সিনেমা বাটালহা’ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে সন্ধ্যা নামতেই ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা। চারপাশে ছড়িয়ে পড়ে বৈশাখের চেনা আবহ।
দেশীয় পিঠার স্টলে ছিল চিতই, ভাপা, পাটিসাপটারসহ নানা ধরনের পিঠার সমারোহ। প্রতিটি স্বাদ যেন মনে করিয়ে দেয় ফেলে আসা গ্রাম, আর শৈশবের স্মৃতি।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে করা হয় এমন আয়োজন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শন করা হয় বাংলাদেশি চলচ্চিত্র বরবাদ, যা দর্শকদের মনে আলাদা উচ্ছ্বাস তৈরি করে এবং আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন দেশের অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক সুন্দর উদাহরণ হয়ে ওঠে।
আয়োজকদের মতে, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
দূরত্ব যতই হোক, বাঙালির হৃদয়ে বৈশাখ ঠিকই জায়গা করে নেয়। পোর্তোর এই আয়োজন যেন সেই চিরচেনা বার্তাই আবারও মনে করিয়ে দিল।







