জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের আজ জন্মদিন। জীবনে বহুবার হোঁচট খেয়েছেন তিনি। হোঁচট খেয়েও থেমে যাননি বাঁধন। ছুটেছেন দুরন্ত গতিতে। কাটিয়ে উঠেছেন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের হতাশা।
নিজের জন্মদিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বাঁধন। সাথে জুড়ে দিয়েছেন নিজের একটি ছবি। ফেসবুকের সেই পোস্টে বাঁধন লিখেছেন চড়াই উতরাইয়ের কথা।
বাঁধন লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড, আজ আমার ৪০ তম জন্মদিন! জীবনের চতুর্থ দশক শুরু করলাম! সবচেয়ে সুন্দর নতুন এই দশক শুরু করি অনেক আশা, আনন্দ ও শান্তি নিয়ে। আগের দশকগুলো কেটেছিল দ্বিধায়, অন্যদের খুশি করার চেষ্টায় সময় নষ্ট করে! অনেক অবিচারের শিকার হয়েছি, ট্রমার মুখোমুখি হয়েছি। কিন্তু এই কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে বর্তমানের বাঁধন করে তুলেছে! জীবনে কোনো কিছু নিয়ে কোনো অনুশোচনা নেই। জীবনের বাকি অংশ উপভোগ করতে চাই সম্মান ও শান্তি নিয়ে! এবং আমি তা করবো। আমি যেমন আছি সেভাবে আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা!
বিশেষ দ্রষ্টব্য: আমি নিজের উপরে বিশ্বাস রাখি, নিজেকে সম্মান করি এবং আমি এখন যা আছি, তার পুরোটাই জীবনের প্রতিটি অস্থিরতার মাঝ থেকে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি নিজেকে উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো শেখা। আমার জীবনে কিছু ভালো মানুষ আছেন যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি। আর যারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন আমাকে উপদেশ এবং অভিশাপ দিয়ে, বিশ্বাস করুন এগুলো কখনোই কোনো কাজে লাগেনি। আপনার সময়, এনার্জি এবং জীবনে কী করবেন তার সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি!
‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব মাতিয়ে এসেছেন বাঁধন। এর পর পরই এই অভিনেত্রী বাংলাদেশ-ভারতের দর্শকের কাছে আবারও আলোচনায় আসেন সৃজিত মুখার্জী পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচইয়ে এই সিরিজটি প্রকাশের পর সমস্ত স্পটলাইট কেড়ে নেন মুসকান জুবেরীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করা বাঁধন। সম্প্রতি নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্স মুভি ‘খুফিয়া’তে বাঁধনের ‘অক্টোপাস’ চরিত্রটি সবার নজর কেড়ে নিয়েছে।








