শনিবার শুরু হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দেওয়া যাবে। আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
আরো বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অন্যদিকে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন দলের সভাপতি শেখ হাসিনা।






