টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। এছাড়া মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার ১৮ এপ্রিল দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত রোববার মনির ও তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরোয়ার জানান, হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক গোলাম কিবরিয়া বড় মনিরের ৪ সপ্তাহের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। ৪ সপ্তাহের পর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়। এ দিকে কিশোরীর অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছে মেডিকেল বোর্ড।
ওই কিশোরী গত ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।







