আন্তর্জাতিক

যে শহর থেকে সবাই চলে গিয়েছিল, এখনও ফেরেনি কেউ, জানলে অবাক হবেন!

যে শহর থেকে সবাই চলে গিয়েছিল, এখনও ফেরেনি কেউ, জানলে অবাক হবেন!

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশে অবস্থিত কায়াকয়। পাহাড়ের ঢালে সারি সারি বাড়ি, সরু আঁকাবাঁকা রাস্তা, প্রাচীন পানির ফোয়ারা আর গির্জা মিলিয়ে একসময় প্রাণচঞ্চল ছিল শহরটি। পাহাড়ের চূড়ায় থাকা একটি গির্জা থেকে দেখা যায় নীল এজিয়ান সাগরের অপূর্ব দৃশ্য। কিন্তু গত প্রায় ১০০ বছর ধরে সেখানে মানুষের বসবাস নেই।

কায়াকয় এখন একটি পরিত্যক্ত শহর। একসময় যারা এখানে বসবাস করতেন, তাদের স্মৃতি আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহরটির ধ্বংসাবশেষ। সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে পড়া বাড়িঘর গ্রাস করছে গাছপালা ও লতাগুল্ম। সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে এক রহস্যময় ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।

এক শতাব্দীর কিছু বেশি সময় আগে কায়াকয়ের নাম ছিল লেভিসি। তখন অন্তত ১০ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিষ্টানের বসবাস ছিল সেখানে। তাদের অনেকেই ছিলেন কারুশিল্পী। স্থানীয় মুসলিম তুর্কি কৃষকদের সঙ্গে শান্তিপূর্ণভাবেই বসবাস করতেন তারা।

কিন্তু তুরস্কের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের সময় রাজনৈতিক অস্থিরতা ও গ্রিসের সঙ্গে সংঘাত তাদের জীবন বদলে দেয়। ১৯২২ সালে গ্রিস-তুরস্ক যুদ্ধের অবসানের পর দুই দেশের মধ্যে জনসংখ্যা বিনিময় শুরু হয়। এর আওতায় কায়াকয়ের গ্রিক খ্রিষ্টানদের গ্রিসে পাঠানো হয়।

অন্যদিকে, গ্রিসের বর্তমান মেসিডোনিয়া ও থ্রেস অঞ্চলের কাভালা থেকে মুসলিম তুর্কিদের কায়াকয়ে আনা হয়।

তবে নতুন পরিবেশে এসে অনেক মুসলিম পরিবারই সেখানে থাকতে চাননি। অল্প সময়ের মধ্যেই তারা অন্যত্র চলে যান। ফলে জনশূন্য হয়ে পড়ে একসময়ের ব্যস্ত শহরটি।

রহস্যময় ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র জনমানবহীন তুরস্কের কায়াকয়

হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি
কায়াকয়ে থেকে যাওয়া অল্প কয়েকটি পরিবারের মধ্যে ছিল আইসুন একিজের দাদা-দাদির পরিবার। বর্তমানে তাদের পরিবারের সদস্যরা শহরের প্রধান প্রবেশপথের কাছে একটি ছোট রেস্তোরাঁ পরিচালনা করেন। পর্যটকদের কাছে হাতে তৈরি গয়না বিক্রিও করেন একিজ।

পরিবারের কাছ থেকে শোনা সেই সময়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, গ্রিক বাসিন্দারা নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাননি। বিদায়ের সময় অনেকেই কেঁদেছিলেন। কেউ কেউ তুর্কি প্রতিবেশীদের কাছে সন্তানদের রেখে গিয়েছিলেন এই আশায় যে একদিন ফিরে আসবেন। কিন্তু তাদের আর ফেরা হয়নি।

একিজের দাদা-দাদির পরিবার ছিল রাখাল। শহরের প্রান্তে বসবাস করায় নতুন পরিবেশের সঙ্গে তারা সহজেই মানিয়ে নিয়েছিলেন। তবে অন্য অনেক পরিবারের কাছে কায়াকয়ে বসবাস কঠিন মনে হয়েছিল। বাড়ির দেয়ালে নীল রং করা থাকায় তারা অস্বস্তি বোধ করতেন।

প্রচলিত ধারণা ছিল, এই রং বিচ্ছু ও সাপ দূরে রাখে।

শহরটির প্রায় আড়াই হাজার বাড়ির কিছু দেয়ালে এখনো সেই নীল রঙের চিহ্ন দেখা যায়। তবে দীর্ঘদিনের অবহেলা ও প্রাকৃতিক ক্ষয়ে অধিকাংশ বাড়ির ছাদ ও দেয়াল ভেঙে পড়েছে।

প্রকৃতির গ্রাসে ধ্বংসাবশেষ
কায়াকয়ের পরিত্যক্ত হওয়ার পেছনে শুধু জনসংখ্যা বিনিময়ই নয়, আরও কিছু কারণ রয়েছে বলে মনে করেন ‘এ গাইড টু কায়াকয়’ বইয়ের সহলেখক জেন আকাতায়। তার মতে, ১৯২০-এর দশকের মর্মান্তিক ঘটনাগুলোর স্মৃতি শহরটির ওপর দীর্ঘদিন ধরে এক ধরনের বিষণ্নতা তৈরি করে রেখেছে। পাশাপাশি ভূমিকম্প, ঝড় ও বৃষ্টিও ধ্বংসাবশেষের ক্ষতি করেছে।

তিনি বলেন, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় বাড়িগুলোর দেয়াল ধরে রাখা গাঁথুনির উপকরণ ক্ষয়ে গেছে। ফলে ধীরে ধীরে ভেঙে পড়েছে স্থাপনাগুলো।

কায়াকয়ের পরিত্যক্ত ভবন

বর্তমানে কায়াকয়ে প্রবেশের জন্য প্রধান সড়কের পাশে একটি ছোট টিকিট কাউন্টার থেকে তিন ইউরো দিতে হয়। এরপর পর্যটকেরা পায়ে হেঁটে শহরের আঁকাবাঁকা ও উঁচুনিচু রাস্তা ঘুরে দেখতে পারেন। স্কুল, গির্জা ও পানির ফোয়ারার দিকনির্দেশনাও রয়েছে প্রবেশপথে।

শহরটি ঘুরে দেখতে অন্তত দুই ঘণ্টা সময় রাখা ভালো। পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকায় নিরিবিলি পরিবেশে পুরোনো জনজীবনের কথা কল্পনা করার সুযোগ মেলে। একসময় শহরের প্রধান চত্বরে স্থানীয় পুরুষেরা জড়ো হয়ে চা পান করতেন এবং গল্প করতেন। এখন সেখানে মানুষের কোলাহলের বদলে নীরবতা।

বাড়িগুলোর অধিকাংশ নির্মিত হয়েছিল শহরটি পরিত্যক্ত হওয়ার আগের শতাব্দীতে। দুইতলা এসব বাড়ির অনেকগুলোর ছাদ নেই। ভেঙে পড়া দেয়ালের ফাঁকে জন্মেছে গাছপালা। কিছু বাড়ির নিচতলায় এখনো চামড়া প্রক্রিয়াজাত করার জন্য তৈরি গর্ত দেখা যায়। একসময় এখানে জুতা তৈরির কাজ বেশ প্রচলিত ছিল।

অনেক বাড়িতে এখনো পানির সংরক্ষণাগার অক্ষত রয়েছে। কারণ, তখন শহরে আধুনিক পানির সরবরাহব্যবস্থা ছিল না। গাধার পিঠে করে পানীয় জল বহন করে আনতে হতো।

একিজ জানান, পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থাও ছিল না। বাসিন্দারা পুরোনো কাপড় কেটে ব্যবহার করতেন। পরে সেসব কাপড় জ্বালানি হিসেবে পোড়ানো হতো অথবা বাগানে সার হিসেবে ছড়িয়ে দেওয়া হতো।

এত সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কায়াকয় একসময় বেশ সমৃদ্ধ ছিল। কাছের বন্দরনগরী ফেতিয়ের চেয়েও এটি ছিল এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।

অতীতের তিক্ত স্মৃতি
শহরটির অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা আপার চার্চ। বিবর্ণ গোলাপি রঙের দেয়াল ও খিলানাকৃতির ছাদবিশিষ্ট বড় এই গির্জাটি বর্তমানে জরাজীর্ণ অবস্থার কারণে বন্ধ রাখা হয়েছে। তবে বিভিন্ন দিক থেকে এর ভেতরের কিছু অংশ দেখা যায়।

শহরের উঁচু অংশে অবস্থিত পুরোনো স্কুল ভবনের ধ্বংসাবশেষ থেকেও আশপাশের বাড়িঘর ও প্রধান গির্জা দেখা যায়। ভবনটির ওপরে এখন উড়ছে তুরস্কের জাতীয় পতাকা।

জরাজীর্ণ গির্জা

আঙ্কারা থেকে বেড়াতে আসা ইয়িগিত উলাস ওজতিমুর কায়াকয়কে তুরস্কের অতীতের একটি অন্ধকার প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেন। তার মতে, একসময় এটি ছিল খ্রিষ্টানদের গ্রাম। এখন সেখানকার ধ্বংসাবশেষ অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর তিক্ত স্মৃতি মনে করিয়ে দেয়।

কায়াকয়ের বিভিন্ন রাস্তা দিয়ে আশপাশের শহর থেকে আসা কয়েকটি চিহ্নিত হাঁটার পথ রয়েছে। তবে সরু গলিতে ঘুরতে গিয়ে পথ হারানোও অস্বাভাবিক নয়। অনেক বাড়ির দরজা ও সিঁড়ি এখনো দেখা গেলেও ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে ভেতরে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়।

উপত্যকার অন্য পাশের ছোট গির্জাটিতে যেতে হলে পাইনগাছ ও পাথুরে পথ বেয়ে খাড়া পাহাড়ে উঠতে হয়। চূড়ায় রয়েছে ছোট একটি গির্জা। এর গম্বুজাকৃতির ছাদ, ছোট জানালা ও সাধারণ স্থাপত্যশৈলীতে গ্রিসের দ্বীপাঞ্চলের গ্রামগুলোর গির্জার ছাপ পাওয়া যায়। ভেতরটি সম্পূর্ণ ফাঁকা।

গির্জার পাশে উড়ছে তুরস্কের লাল পতাকা। আর নিচে পাহাড়জুড়ে বিস্তৃত বনভূমির ওপারে দেখা যায় ঝলমলে নীল এজিয়ান সাগর।

একসময় যে শহরটি মানুষের পদচারণায় মুখর ছিল, সেখানকার দৃশ্যপট আজও অনেকটাই অপরিবর্তিত। শুধু হারিয়ে গেছে মানুষ, রয়ে গেছে তাদের বসবাসের স্মৃতি আর এক শতাব্দীর পুরোনো ইতিহাস।

বিষয়:এ গাইড টু কায়াকয় এজিয়ান সাগর কায়াকয় গ্রিক অর্থোডক্স খ্রিষ্টান পাহাড়জুড়ে বিস্তৃত বনভূমি প্রাচীণ গির্জা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…