লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি’র প্রেসিডেন্ট এবং মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অ:) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে।
ওমরা পালন করতে আসা এলডিপি প্রেসিডেন্ট কর্নেল ( অ:) অলি আহমেদের সৌদিআরব মক্কায় আগমন উপলক্ষে গতকাল মক্কার স্থানীয় একটি হোটেল অনুষ্ঠানের আয়োজন করেন মক্কা মহানগর এলডিপি সৌদি আরব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করবে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসনে যৌক্তিক সংস্কার অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। এজন্য অবশ্যই আমরা বর্তমান অন্তবর্তী সরকারকে সময় দিতে প্রস্তুত। বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে তা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার এত তাড়া কিসের ১৫ বছর যখন অপেক্ষা করতে পারছি তাহলে আর দু-এক বছর অপেক্ষায় করতে অসুবিধা কোথায়? আমরা চাই না অন্য কোন দেশ আমাদের দেশের উপর খবরদারি করুক, বাংলাদেশ কোন দিকে যাবে, কী করবে তা বাংলাদেশের জনগণ ঠিক করবে।
সংগঠনের সভাপতি হাজি মুহাম্মদ আবু ছালেক এর সভাপতিত্বে ও আবুল ফজল নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এলডিপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন মন্জু, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মুহাম্মদ শাহাআলম (ইনভেষ্টার), আলহাজ্ব মুহাম্মদ জালাল (ইনভেষ্টার), মক্কা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী পেশাজীবী মক্কা শাখা সভাপতি ডাক্তার আব্দুল মান্নান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি নেতা মোহাম্মদ শাহজান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোহাম্মদ রফিক, আব্দুল খালেক, মোহাম্মদ সেলিম, কাশেম মোহাম্মদ, জাকের হোসেন, মুহাম্মদ সাইফুল্লাহ, সালাউদ্দিন পেয়ারু, এম মাহমুদুল হক। অনুষ্ঠানে এলডিপি ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।







