আন্তর্জাতিক

শি-পুতিন-ট্রাম্পের বৈঠককে ‘যুগান্তকারী’ বলছে চীন

শি-পুতিন-ট্রাম্পের বৈঠককে ‘যুগান্তকারী’ বলছে চীন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উন্মোচিত হয়েছে তিন নেতার পপ আর্ট চিত্রকর্ম। চিত্রকর্ম: রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠককে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই বৈঠক বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (১৬ নভেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন উপলক্ষে তিন দেশের নেতারা সেখানে মিলিত হবেন।

মাও নিং বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটিই হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক। এতে বিশ্বশান্তি রক্ষা এবং বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো, মতপার্থক্য নিয়ন্ত্রণ এবং সম্পর্ক স্থিতিশীল রাখা সবার স্বার্থের জন্য জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশাও পূরণে সহায়ক হবে এ উদ্যোগ।

তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিকে গত সপ্তাহে হোয়াইট হাউস জানিয়েছিল, বৈঠকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। তবে চীন এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় বসার প্রস্তাবে সাড়া দেয়নি। দেশ দুটির কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে।

চীনের অবস্থান, দেশটির তুলনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত অনেক বেশি হওয়ায় এ বিষয়ে দুই দেশের সরাসরি আলোচনা করাই বেশি যুক্তিসংগত।

সোমবার ম্যানিলায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তিন দেশের শীর্ষ বৈঠক থেকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ বা নিরস্ত্রীকরণের কোনো উদ্যোগ এলে তাতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ।

দীর্ঘদিন ধরেই পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে জাতিসংঘ। সংস্থাটির সতর্কতা, বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় বিশ্বজুড়ে পারমাণবিক ঝুঁকিও বাড়ছে।

বিষয়:এপেক পারমাণবিক অস্ত্রের বিস্তার যুগান্তকারী বৈঠক শি-পুতিন-ট্রাম্পের বৈঠক
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…