কক্সবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত হয়েছেন।
আজ ২৮ এপ্রিল (সোমবার) সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখি মালবাহী একটি ট্রাক রামু রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় কক্সবাজারমুখি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক জাহিদুল ইসলাম (২৫), কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সওদাগর পাড়ার মনসুর আলমের ছেলে।
তিনি আরও জানান, ধাক্কা লাগার পর অটোরিকশা এবং ট্রাক দুটি সড়কের পাশের বিলে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ মোট ৪ জন আহত হন।
পরিদর্শক জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বর্তমানে হাসপাতালেই রয়েছে।
তিনি জানান, আহত তিনজন রামু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করার পর পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।






