শেষ ওভারের নাটকীয়তায় পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে ভারত। ৪২ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পাওয়া সূর্যকুমার যাদব।
টি-টুয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই ওয়ানডে বিশ্বকাপে খেলা বেশিরভাগ খেলোয়াড়। সূর্যকুমারকে অধিনায়ক করে তরুণদের নিয়ে দল দেয় টিম ইন্ডিয়া। তবে নেতৃত্বের ভার কাঁধে না নিয়ে উপভোগের মন্ত্রই কাজে লাগাচ্ছেন ৩৩ বর্ষী ব্যাটার।
আগে ব্যাট করা অজিরা ৩ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘আমি ড্রেসিং রুমে অধিনায়কত্বের লাগেজের ভার রেখে এসেছি। ১০ কিংবা ৪০ যতো বলই খেলি না কেন, আমার ব্যাটিং উপভোগের করার চেষ্টা করি।’
সূর্যকুমার যখন আউট হন, তখন স্বাগতিকদের জয়ের জন্য দরকার ছিল ১৪ বলে ১৫ রান। ড্রেসিং রুমে ফেরার পর ক্রিজে নামার অপেক্ষায় থাকা ব্যাটারদের তিনি দিয়েছিলেন বার্তা।
‘আমি তাদের বলেছিলাম খেলা নিয়ে অতি গভীরভাবে ভাবতে নিষেধ করেছিলাম। ছেলেরা যেভাবে তাদের স্নায়ু ধরে রেখেছিল, সেটা দেখাটা দারুণ ছিল।’
১৪ বলে ৪টি চারে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের হয়ে দারুণ ফিনিশিং দেন রিংকু সিং। ২৬ বর্ষী তরুণ ক্রিকেটারের প্রশংসায় ভারতের অধিনায়কের ভাষ্য, ‘রিংকুর ফল নির্ধারণ করে দেয়ার মতো পরিস্থিতি ছিল। তার সংযত থাকা আমাকে শান্ত রেখেছিল।’
২০৯ রানের বড় লক্ষ্য তাড়া করার সময়েও জয়ের ব্যাপারে সূর্যকুমার আশাবাদী ছিলেন। বললেন, ‘আমি জানতাম মাঠ ছোট। আমরা ভেবেছিলাম ২৩০ রান তাড়া করবো। আমরা ইতিবাচক মানসিকতায় থাকতে চেয়েছিলাম. ব্যাটিংয়ে উপভোগ করা এবং নিজেকে প্রকাশ করাই মুখ্য ছিল। আমি কিষাণকে একটা কথা বলেছিলাম, শুধু ব্যাটিং করে যাও। লক্ষ্যের কথা ভাববে না।’








