ই-সিগারেট বা ভ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। যেটিকে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বলে বর্ণনা করে একে ‘মহামারী’ বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এ ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়ায় ওষুধের দোকানেই ভ্যাপ পাওয়া যায়। চিকিৎসার জন্যও চিকিৎসকরা মাঝেমধ্যে ব্যবস্থাপত্রে ভ্যাপ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। যদিও উন্নত বিশ্বের সবচেয়ে কম সিগারেট সেবনকারীদের মধ্যে অন্যতম দেশ অস্ট্রেলিয়া।
সাধারণ সিগারেটের তুলনায় ভ্যাপকে নিরাপদ মনে করা হয়। সেগুলোতে ক্ষতিকারক তামাক থাকে না। এমনকি যুক্তরাজ্য সরকার পর্যন্ত ধূমপায়ীদের ধূমপান আসক্তি থেকে বের করে আনতে তাদের ‘সোয়াপ টু স্টপ’ (বন্ধ করতে পরিবর্তন) প্রকল্পের আওতায় কিছু কিছু ধূমপায়ীকে বিনামূল্যে ভ্যাপ প্রদান করছে।
তবে আইন সংস্কার করে এবার ভেপের ওপর নিষেধাজ্ঞা ও প্রেসক্রিপশন বহির্ভূত পণ্য আমদানিতে বিধি-নিষেধ জারি করেছে অস্ট্রেলিয়া।








