অ্যাশেজে প্রথম দুই ম্যাচ হেরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তৃতীয়টিতে জয়ের পর চতুর্থ টেস্টেও ছিল জয়ের দিকেই। ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির কারণে ভেস্তে যায় ইংলিশদের অ্যাশেজ জয়ের শেষ আশাটুকু। যে কারণে টেস্ট ক্রিকেটে ফলাফলের সম্ভাবনা আরও উন্নত করতে এবার রিজার্ভ ডে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ভবিষ্যতে যেন এমন দুর্ভোগে না পড়তে হয়, তাই এখনই কোনো উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছে ইসিবি। আবহাওয়ার উপর যেহেতু নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, টেস্ট খেলার সূচিতেই পরিবর্তন দরকার তাই। এজন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আবেদন জানাবেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন।
৫৭ বর্ষী থম্পসন বলেছেন, ‘এই ব্যাপারে আমরা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে কথা বলব। আমার ধারণা তিনি বুঝতে পারবেন টেস্ট ক্রিকেটের জন্য ইংল্যান্ড কী করেছে। আমরা এই ফরম্যাটকে উন্নত করেছি। বর্তমানে যেভাবে টেস্ট ক্রিকেট হচ্ছে, আমরা তা পুনরাবিষ্কার করেছি। টেস্ট ক্রিকেট নিয়ে এখন মানুষের উত্তেজনা ও আগ্রহ বেড়েছে। এখানে এটিকে সামঞ্জস্য করতে সময়সূচি আরও নমনীয় করা যেতে পারে। তবে এ ব্যাপারে আলোচনা দরকার।’
‘আমরা বিনোদনমূলক কাজে রয়েছি। আমরা চাই সমর্থকরা বিনোদন পাক, সঙ্গে তারাও খুশি হবেন। যে কারণে একটি রিজার্ভ ডে দরকার। যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আছে। এসব নিয়ে সিরিজের পর নানারকম বিতর্কও প্রয়োজন।’
ওভালে পঞ্চম ও শেষ টেস্টে সিরিজ ড্র করতে লড়ছে স্বাগতিক দল। বৃহস্পতিবার টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স। দাপুটে বোলিংয়ে ইংল্যান্ডকে ২৮৩ রানে গুটিয়ে দেয় সফরকারী দলটি।
জবাবে প্রথমদিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৬১। ৪টি চারে ৭৫ বলে ২৬ রানে খেলছেন উসমান খাজা। তার সঙ্গী মার্নাস লাবুশেন ২ রান করতে খেলেছেন ২৩ বল। ৯ উইকেট হাতে নিয়ে দিন শেষে ২২২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।








