প্রথমবার হকির কোনো বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বছরের ডিসেম্বরে ভারতে গড়াতে চলা যুব হকি বিশ্বআসরে খেলবে লাল-সবুজের অনূর্ধ্ব-২১ দল। সাফল্য আনা দলকে ২০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
গত মঙ্গলবার থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ওমানে আয়োজিত যুব এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান অর্জন করে ফিরেছে বাংলাদেশের যুব দলটি।
বৃহস্পতিবার সকালে দেশে ফেরে দল। ফেরার পর বিমানবাহিনীর ফ্যালকন হলে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন। ৫ লাখ টাকা অর্থ পুরস্কার দেন ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।








