এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে পা রাখে ভারত। সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। ফাইনালে লঙ্কান মেয়েদের ১৯ রানে হারিয়ে প্রথমবারের মত সোনা জিতল ভারত। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটিই ভারতের প্রথম কোনো পদক।
সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে ভারত। জবাবে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৯৭ রানে থামে শ্রীলঙ্কা। এশিয়ানে মেয়েদের ক্রিকেটে লঙ্কানদের দ্বিতীয় পদক এটি। এরআগে ২০১৪ সালে ব্রোঞ্জ জিতেছিল তারা।
আগে ব্যাটে নেমে লঙ্কান বোলারদের তোপে পড়েছিল ভারত। দুই ব্যাটার স্মৃতি মান্ধানা ও জেমিমাহ রদ্রিগুয়েজ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি কেউ। স্মৃতির ৪৫ বলে ৪৬ রান ও জেমিমাহ’র ৪০ বলে ৪২ রানে ১১৬ রানের সংগ্রহ পায় ভারত।
লঙ্কান মেয়েদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবধানি, সুগান্ধিকা কুমারী ও ইনোকা রানাভেরা।
জবাবে নেমে ভারতীয় বোলারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লঙ্কানদের। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ অবধি ৯৭ রানে থামে তাদের ইনিংস। লঙ্কানদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন চার ব্যাটার- হাসিনি পেরেরা (২৫), নীলাকাশি ডে সিলভা (২৩), ওশাদি রানাসিংহে (১৯) ও চামারি আথাপাথু (১২)।








