এশিয়ান গেমসে প্রথম সেমিফাইনালে ভারতের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে জিতে ব্যাটে নেমে ১৭.৫ ওভারে ৫১ রান তুলতেই থামে বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার। জবাবে ৮ উইকেট অক্ষত রেখে ও ৭০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
চীনের জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্রিকেট মাঠে রোববার সকালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। টানা কয়েকদিনের বৃষ্টিতে হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় টিম টাইগ্রেস।
২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। এবারের গেমসে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে সোমবার সকালে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে জ্যোতির দল। প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে হারা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা।
গত দুদিনের বৃষ্টিভেজা মাঠে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের দল। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়। দুই অঙ্কের ঘরে পৌঁছান শুধু অধিনায়ক জ্যোতি, আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
৫২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মার উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ৭ রানে মারুফা আক্তারের বলে আউট হন স্মৃতি। শেফালিকে ১৭ রানে বোল্ড করেন ফাহিমা খাতুন। জেমিজা রদ্রিগেজ ১৫ বলে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলছিল। যেখানে শেষ আটে বাংলাদেশ-হংকং ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল।







