অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নিরপেক্ষ ভেন্যু হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কাকে। আসরের ৯ ম্যাচ হবে লঙ্কায়, ৪ ম্যাচ পাচ্ছে আয়োজক পাকিস্তান।
এসিসি বৃহস্পতিবার বিবৃতে জানিয়েছে, ওয়ানডে বিশ্বকাপের আগে ৫০ ওভারের ফরম্যাটে হবে ২০২৩ সালের এশিয়া কাপ। ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে নামবে টুর্নামেন্টের পর্দা। আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল অংশ নেবে। সবমিলিয়ে ১৩ ম্যাচ মাঠে গড়াবে।
পাকিস্তানের ম্যাচগুলো হবে লাহোরে। ভারত তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয়, সেটিও হবে লঙ্কানদের মাটিতে। তবে এখনও সূচি প্রকাশ করেনি এসিসি।
এর আগে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের নাম ছিল আলোচনায়। সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশটিতে গরম থাকবে বলে সেসময় বাংলাদেশ খেলতে যেতে আপত্তি জানিয়েছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি কয়েকসপ্তাহ আগে দুবাইতে এক বৈঠকে জানিয়েছিলেন, দুই দেশের সরকারের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে না। পরে হাইব্রিড মডেল উপস্থাপন করে পিসিবি।
ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এবার ৫০ ওভারের ম্যাচের এশিয়া কাপ হবে। একই গ্রুপে আছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে ছয়টি লিগ ম্যাচ, ছয়টি সুপার ফোরের ম্যাচ হবে। সুপার পর্বের শীর্ষ দুদল খেলবে ফাইনালে। ভারত ও পাকিস্তানের ফাইনাল হলে পুরো টুর্নামেন্টে দুদলের তিনবার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছয় জাতির এবারের এশিয়া কাপে নেপালের সঙ্গে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।







