রাজনৈতিক বৈরিতার দীর্ঘ ইতিহাসের মাঝেই এশিয়া কাপে মুখোমুখি হওয়ার অপেক্ষায় ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ ঘিরে শুরু হয়ে গেছে সাবেকদের কথার লড়াই। দল দুটির মধ্যে কার কেমন শক্তি, সেটির পর্যালোচনা জানিয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক পেসার জানিয়েছেন, জয়ের সম্ভাবনা কোন দলের বেশি।
১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে লড়াই। ম্যাচ রোমাঞ্চকর ও বিনোদনমূলক হবে, ধারণা আকরামের। বলেছেন, ‘ভারত-পাকিস্তানের অন্যসব ম্যাচের মতোই আমি নিশ্চিত এই লড়াইও অনেক আমোদপূর্ণ হবে। আশা করি সব ক্রিকেটার এবং সমর্থক শৃঙ্খলাবদ্ধ থাকবে, কেউই সীমা অতিক্রম করবে না।’
মহাদেশীয় প্রতিযোগিতায় আসরে ‘এ’ গ্রুপে আছে ভারত-পাকিস্তান। মঞ্চে নামার ভারতকেই ফেভারিট দেখছেন আকরাম, ‘যদি ভারতীয়রা দেশপ্রেমিক হয়ে থাকে এবং জিততে চায়, একই বিষয় পাকিস্তানি সমর্থকদের জন্যও প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে ভারত তুলনামূলক ভালো ছন্দে আছে এবং তারা ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে। কিন্তু ওইদিনের চাপ যে দল সামলাতে পারবে, লড়াইয়ে তারাই জিতবে।’
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর হবে একই সংস্করণের এশিয়া কাপ। মহাদেশীয় সর্বোচ্চ প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ছাড়াও ‘এ’ গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।







