এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত, নিশ্চিত হল বিশ্বকাপ

M 24
India Vs Korea of Hero Aisa Cup at Rajgir Sport Complex Stadium on 7th September 2025
© Adimazes/HockeyIndia
ভারতের বিহার রাজ্যের রাজগিরে বসেছিল ছেলেদের এবারের এশিয়া কাপ হকির আসর। ঘরের মাঠে হওয়া এ আসরে চ্যাম্পিয়নের তকমা পরেছে ভারত। ফাইনালে তারা হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়াকে। আসরের সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন ভারতের অভিষেক নয়ন।
সাউথ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর ম্যাচে আগে থেকেই আরেকটি সুখরব অপেক্ষা করছিল। এশিয়া কাপের সমীকরণ ছিল শিরোপা জয়ী দলটি আগামী বছর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে যাওয়া হকির বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাছাইপর্বের ঝামেলা এড়িয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সেই টিকিট কেটে রাখল ভারত।
ফাইনালে সাউথ কোরিয়াকে বেশ খানিকটা নাকানিচুবানি দিয়েছে ভারত। ম্যাচে দুটি গোল করেছেন দিলপ্রিত সিং। সুখজিৎ সিং এবং অমিত রোহিদাস একটি করে গোল করেছেন। ম্যাচের সবচেয়ে বেশি সুযোগও পেয়েছিল স্বাগতিকেরা।
আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন মালয়েশিয়ার অনুয়ার আখিমুল্লাহ। মোট ১২ গোল করেছিলেন তিনি। আসর সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন সাউথ কোরিয়ার কিম জেহান। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মালয়েশিয়ার জেফ্রিনাস অ্যান্ডিওয়ালফিয়ান।






