এশিয়া কাপের চলতি আসরে ভারত-নেপাল ম্যাচেও দু’বার হানা দিয়েছে বৃষ্টি। নেপালের ইনিংসের মাঝে প্রথম দফায় বৃষ্টিতে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। ভারত ব্যাটে নামার পর ফের বৃষ্টি হানা দেয়। বৃষ্টিতে সময় নষ্টের পর ওভার কমিয়ে খেলা হচ্ছে ২৩ ওভারে। জিততে হলে বেধে দেয়া ওভারে ভারতকে করতে হবে ১৪৫ রান।
পাল্লেকেলেতে টস জিতে নেপালকে ব্যাটে পাঠায় ভারত। ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানের সংগ্রহ পায় নেপাল। জবাবে নেমে ভারতের শুরুটাও হয় দুর্দান্ত। তবে ২.১ ওভার ব্যাটের পর দ্বিতীয় দফায় ম্যাচে বৃষ্টি হানা দেয়।
বৃষ্টির আগে কোনও উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করে। ক্রিজে আছেন অধিনায়ক রোহিত শর্মা (৭ বলে ৪) ও শুভমন গিল (৬ বলে ১২)।
দ্বিতীয় দফায় প্রায় দু’ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট থেকে ফের মাঠে গড়ায় লড়াই।
এরআগে ব্যাটে নেমে দারুণভাবে পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের মোকাবেলা করেন নেপালের দুই ওপেনার। পরে দ্রুতই উইকেট হারায় তারা। শেষ অবধি আসিফ শেখের ফিফটি ও সোমপাল কামির ৪৮ রানের ইনিংসে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানের সংগ্রহ পায় নেপাল।








