‘আমরা চাই এই দলে এমন খেলোয়াড় থাকুক, যারা সব পজিশনে ব্যাট করতে পারে। এই বার্তাই সব খেলোয়াড়দের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। এটা ক্লাব ক্রিকেট নয়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের জন্য ভারতের ১৭ সদস্যের দল ঘোষণার পর এমন মন্তব্য করেছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রধান নির্বাচক অজিত আগারকার দিল্লিতে সোমবার দুপুরে দল জানান।
ব্যাটিং গভীরতা বাড়াতে স্কোয়াডে ব্যাটারদের সংখ্যায় টিম ইন্ডিয়ার নির্বাচকরা দিয়েছেন প্রাধান্য। দলের প্রয়োজনে আট কিংবা নয় নম্বরে নামা ব্যাটারও যাতে ভূমিকা রাখতে পারেন, সেজন্য অক্ষর প্যাটেল এশিয়া কাপের স্কোয়াডে আছেন। রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল পড়েছেন বাদ। পেস আক্রমণে ছাড় না দিয়ে ব্যাটিং গভীরতা বাড়াতে এভাবেই সাজানো হয়েছে দল।
রোহিতের স্পষ্ট কথা, ‘আমরা কোনো পজিশনে আটকে থাকতে চাই না। ৭/৮টা ব্যাটিং পজিশন সবার জন্য উন্মুক্ত। অনেকে লম্বা সময় পর সুযোগ তৈরি করছেন। দরজা কারোর জন্য বন্ধ নয়।’
ব্যাটিং অর্ডারের চার নম্বরে কে ব্যাট করবেন, সেটি নিয়েও রয়েছে দ্বিধা। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, এ জায়গাটি নিজের করে নিতে বিরাট কোহলি, শ্রেয়াশ আয়ার ও লোকেশ রাহুলের ভেতর চলবে প্রতিদ্বন্দ্বিতা। রোহিত অবশ্য বললেন ভিন্ন কথা।
‘শুধু একটা পজিশন নয়, সব পজিশনই গুরুত্বপূর্ণ। চোটের কারণে আমরা বারবার ধাক্কা খেয়েছি। সেই চাপ আমাদের সামলে নেয়ার দরকার ছিল। আমাদের চিন্তা করেই সমন্বয়ের প্রয়োজন। সব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। বিশ্বকাপের আগে আমাদের ৮টি ওয়ানডে এবং দুটি প্রস্তুতি ম্যাচ আছে। তাই তাদের অবস্থান নিজের করে নিতে ছেলেদের সুযোগ দিতে চাই।’







