কলম্বোতে ম্যাচের আগের দিন ছিল রৌদ্রজ্জ্বল দিন। তাতে সাকিব আল হাসান-লিটন দাসরা অনুশীলনটাও সেরেছেন ঠিকঠাক। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি। ভারত-পাকিস্তান ম্যাচের মতো সুপার ফোরের অন্য কোনো ম্যাচে রিজার্ভ ডে না থাকায় পরিত্যক্ত হতে পারে টাইগারদের ম্যাচ।
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার বেলা সাড়ে ৩টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের পাকিস্তান পর্ব শেষ করে সুপার ফোরের বাকি দুই ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে টিম টাইগার্স।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় থেকে কলম্বোতে শুরু হতে পারে বৃষ্টি। এমনকি ঝড়ের সম্ভাবনাও আছে। ম্যাচ শুরুর সময় শতকরা ৬০ শতাংশ রয়েছে বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটি বেড়ে দাঁড়াবে শতকরা ৭৫ শতাংশ। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে ‘খলনায়ক’ হতে পারে বৃষ্টি, খেলা হতে পারে পরিত্যক্ত।
সুপার ফোরের পাঁচটি এবং ফাইনাল ম্যাচ হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। রোববার একই মাঠে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। এ ম্যাচের জন্য আসরের মাঝপথে হুট করেই রিজার্ভ ডে’র উদয় ঘটিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। সপ্তাহজুড়ে বৃষ্টির শঙ্কা রয়েছে কলম্বোতে। ভেন্যু বদলের কথা শোনা গেলেও আয়োজক কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তা করেনি।
এশিয়া কাপে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে ব্যাটিং। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে সাকিবদের সুপার ফোর শুরু হয়েছে। শ্রীলঙ্কার মাটিতে চ্যালেঞ্জ আরও বেশি। কেননা পেসের পাশাপাশি কলম্বোর পিচে স্পিনটাও বেশ ধরে।
হাইব্রিড মডেলের এশিয়া কাপের তিন ম্যাচের দুটিতে দুইশর আগে গুটিয়েছে বাংলাদেশ। লঙ্কায় ফেরা টাইগারদের মহাদেশীয় টুর্নামেন্টের আরেকটি ফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কা ও ভারতকে হারাতে হবে। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ রোহিত শর্মার দল।







