দৌড়ের মাঝে শরীর থেমে যাচ্ছিল বারবার। পেছন থেকে ট্রেনার আনোয়ার ইসলাম মনির মনোবল যোগাচ্ছিলেন সাকিব আল হাসানকে। সঙ্গ দিতে নিজেও দৌড়ের সঙ্গী হন তিনি। সাকিব সব ধাপ শেষ করেই ফেরেন ড্রেসিংরুমে।
প্রথমদিনের ফিটনেস ট্রেনিংয়ে সাকিব কতটা খুশি তা বোঝা গেল না। কেননা দৌড়ানোর পর দম নেয়াতেই ব্যস্ত ছিলেন। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে, কখনো নিচু হয়ে শ্বাস নিয়েছেন। ট্রেনারের হাসিমুখ অবশ্য বলে দিচ্ছিল ট্রেনিং সেশনের চিত্র। নিজেকে হারানোর মিশনে সফল সাকিব।
আপাতত বিতর্কের অধ্যায় অতীত বানিয়ে সাকিব আবারও মাঠে ফিরেছেন এটাই বড় খবর। তিনি দলের সেরা ক্রিকেটারদের একজন, এবার তো অধিনায়কও। টি-টুয়েন্টি অধিনায়ক একাকী শুরু করে দিয়েছেন এশিয়া কাপের প্রস্তুতি। মিরপুরে ব্যাট-বলের অনুশীলন ছাড়া সবই করেছেন।
বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সফরে যাননি সাকিব। ছুটিতে গত মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ থেকেই। পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরে আগে মনোযোগ দিচ্ছেন ফিটনেস ট্রেনিংয়ে। চলবে আরও কিছুদিন।
এশিয়া কাপ খেলতে ২৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। টাইগারদের প্রথম ম্যাচ ২৮ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।







