ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে হারের পরও আর্সেনাল কোচ মিকেল আর্তেতার বিশ্বাস, তার দলই জিতবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।
‘খেলোয়াড়দের এখনো শিরোপা জয়ের বিশ্বাসটা আছে। এটা উপলব্ধি করতে পারি। তারাও উপলব্ধি করছে যে এমনটা করতে পারে। ম্যাচের আগে যতটা বিশ্বাস করেছি তার চেয়ে এখন বেশি বিশ্বাস করছি।’ ম্যাচের পর বলেছেন আর্তেতা।
‘পারফরম্যান্সের মান দল যে পর্যায়ে রেখেছিল, তাতে আমাদের মনে হয়েছিল আমরা তাদের হারাতে পারি। দ্বিতীয় গোল হজমের আগ পর্যন্ত খেলা আমাদের দিকে ছিল। তবে আমরা তাদের তিনটি গোল করতে দিয়েছিলাম। এমন পর্যায়ে এসে এধরনের ভুল করতে পারেন না।’
‘দুই দলের পার্থক্যটা ছিল ডি-বক্সে। তাদের তিনটি সুযোগ ছিল, সেগুলোকে কাজে লাগিয়েছে। আমাদেরও সুযোগ ছিল, যা কাজে লাগানো যায়নি।’
পয়েন্ট টেবিলের শীর্ষ খুইয়েছে ছুটতে থাকা আর্সেনাল। ২৩ ম্যাচে সিটির পয়েন্ট ৫১, ২২ ম্যাচে আর্সেনালেরও ৫১। এক ম্যাচ কম খেললেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এখন টেবিলের দুইয়ে গানাররা।
আর্সেনালের স্প্যানিশ কোচ পরাজয়ের জন্য হতাশা লুকাননি। একইসঙ্গে প্রতিপক্ষ ম্যানসিটিকে বিশ্বের সেরা দল বলতেও কার্পণ্য করেননি। গানারদের খেলার ধরনে সন্তুষ্ট হলেও তার মতে, সিটিকে হারানোর জন্য মাঠে আরও কিছু ভালো নৈপুণ্য প্রদর্শনের দরকার ছিল।
লিগ জয়ের ব্যাপারে খেলোয়াড়দের উপর জোরাল বিশ্বাস রাখা আর্তেতা সামনে তাকাচ্ছেন, ‘আপনাকে পরের ম্যাচের জন্য এগিয়ে যেতে হবে। তিন দিনের মধ্যে আমাদের আরেকটি খেলা আছে।’







