চ্যাম্পিয়ন্স লিগে সেমির প্রথম লেগে দুই পেনাল্টিতে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। ম্যাচে আরও একটা পেনাল্টি পেয়েছিল গানাররা, ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। তাতে বেশ চটেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
বুধবার রাতে মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে ৪৪ মিনিটে পেনাল্টিতে লন্ডনের ক্লাবটিকে লিড এনে দেন সুইডিশ তারকা ভিক্টর গায়কোরেস। ঘরের মাঠে পিছিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো। ৫৬ মিনিটে জুলিয়ান আলভারেজের পেনাল্টিতে সমতা আসে।
ম্যাচের ৭৮ মিনিটে স্বাগতিকদের ডি-বক্সে ডেভিড হানকোর সাথে ধাক্কা লেগে পড়ে যান এবেরেচি এজে। ডাচ রেফারি ড্যানি ম্যাকেলি প্রথমে পেনাল্টির নির্দেশ দেন। পরে ভিএআর কর্মকর্তা ডেনিস হিগলার তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মনিটরে পাঠান। বেশ কয়েকবার পর্যবেক্ষণের পর রেফারি পেনাল্টি না দেয়ার সিদ্ধান্ত নেন।
আর্তেতা এটিকে বিতর্কিত দাবি করেছেন, ‘যে বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ, তা হল, কোন স্পষ্ট ও সুস্পষ্ট ভুল না থাকা সত্ত্বেও এজের উপর নেয়া পেনাল্টিটি যেভাবে বাতিল করা হল, তা এক কথায় অবিশ্বাস্য। এটি খেলার গতিপথ বদলে দিয়েছে। এ পর্যায়ে আমি খুবই দুঃখিত, এমন হতেই পারে না।’
‘এটা পুরোপুরি নিয়মের বিরুদ্ধে ছিল এবং ব্যাপারটা বুঝি। এটা স্পষ্ট স্পর্শ ছিল। এমনকি রেফারি সিদ্ধান্তটা (পেনাল্টির) নিলেন এবং পরে আবার তাকে সেটা ১৩ বার দেখতেও হল। এরপর তো সিদ্ধান্ত পাল্টাতে পারে না। এ অবস্থানে আসার জন্য নয় মাস এত কঠিন লড়াই করলাম। কিন্তু এটা এমন একটা ব্যাপার যা ম্যাচ চলাকালীন পুরোপুরি বদলে গেল। এটা হতে পারে না। এটার উপর অনেককিছু নির্ভর ছিল। অনেক, অনেক, অনেকবেশি। এটা হতেই পারে না।’
আগামী মঙ্গলবার রাত ১টায় লন্ডনের এমিরেটসে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আথিত্য দেবে আর্সেনাল।








